বিরামপুরে ছাত্রীকে হত্যার প্রমাণ মিলেছে ময়নাতদন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বিচকিনি গ্রামের স্কুলছাত্রী সুরাইয়া আখতারকে (১৩) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সুরাইয়া আখতারের লাশ তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। ওই দিন রাতে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। পরের দিন সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বিরামপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু’ শিরোনামে খবর প্রকাশিত হয়। তখন গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, গ্রামের প্রভাবশালী পরিবারের এক তরুণ সুরাইয়াকে ধর্ষণের পর বা ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঘরে ঝুলিয়ে রাখা হয়। স্থানীয় বিজুল বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুরাইয়া বিচকিনি গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের মেয়ে।দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান মীর হামদে সামে প্রথম আলোকে জানান, লাশের গলায় আঙুলের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কি না, সেটার প্রতিবেদন কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানান তিনি।