বিরামপুরে জাল সনদধারী শিক্ষিকার নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদ জালিয়াতির কারণে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিলকিস বেগমের নিয়োগ বাতিল করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।দেবীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিলকিস বেগম ২০১১ সালের ৯ এপ্রিল সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগ দেন। চাকরি নেওয়ার সময় তিনি ২০০৭ সালের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক নিবন্ধন সনদ জমা দেন।প্রথম আলোর অনুসন্ধানে বিলকিস বেগমের জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার বিষয়টি ধরা পড়ে। গত বছরের ৬ জুলাই ‘টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। বিলকিস বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও একটি চিঠি পাঠিয়েছে। তবে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি তিনি অবগত নন।