বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চূর্ণবিচূর্ণ
দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ রেলগেটে চিলাহাটীগামী যাত্রীবাহী রকেট মেইল ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত রোববার দিবাগত রাত একটা ২০ মিনিটে ওই ঘটনা ঘটে। গেটম্যান সময়মতো ‘বেরিয়ার’ না ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ট্রাকচালক অভিযোগ করেছেন। ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সরেজমিনে জানা গেছে, ২৩ নম্বর রকেট মেইল ট্রেনটি খুলনা থেকে চিলাহাটী যাচ্ছিল। বিরামপুর পৌর এলাকার দক্ষিণ গেট অতিক্রম করার সময় ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১৬-০৩৮৯) ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় দক্ষিণ দিক থেকে ছুটে আসা রকেট মেইল ট্রেনটি লাইনের ওপর থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। রেলগেটের পূর্ব দিকের বেরিয়ারসহ গেটটি সম্পূর্ণ ভেঙে যায়। ঘটনার পর দিনাজপুর-ঢাকা মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।ট্রাকচালক মো. রইছ উদ্দিন জানান, তিনি পঞ্চগড় থেকে পাথর বোঝাই করে ফরিদপুর যাচ্ছিলেন। রেলগেট অতিক্রম করার সময় কোনো বেরিয়ার ফেলা ছিল না। তখন সেখানে কোনো গেটম্যানও ছিলেন না। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার আতিয়ার রহমান জানান, গেটম্যান কোনো বেরিয়ার না ফেলার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে।হিলি (হাকিমপুর) স্টেশনের উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সময় রেলগেটের দায়িত্বে যে গেটম্যান ছিলেন, তাঁর দায়িত্বে কোনো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিমাঞ্চল (পাকশী) রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সহকারী পরিবহন কর্মকর্তা একরামুল হককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।