বিরামপুরে তিন মাস ধরে ওষুধ সরবরাহ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে তিন মাস ধরে ওষুধের কোনো বরাদ্দ আসেনি। প্রয়োজনীয় ওষুধ না থাকায় প্রত্যন্ত এলাকাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।গত বৃহস্পতিবার কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, প্রত্যন্ত এলাকার এসব ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধ না থাকায় রোগীরা চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন। দিওড় ইউনিয়নের দিকশাও গ্রামের রেহেনা আক্তার (৪০) বলেন, ‘তিন দিন ধরে জ্বর আর গায়ের ব্যথা। ডাক্তারের কাছে ওষুধ নিবা আনু, ডাক্তার কলো ওষুধ নাই, বিরামপুর যাবা হবি।’কাটলা ইউনিয়নের রণগ্রামের নাসিমা আক্তার (৩০) জানান, কয়েক দিন ধরে তাঁর ছয় মাসের মেয়ের সর্দি, জ্বর আর বমি। রণগ্রাম কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে এসেছিলেন। কিন্তু ওষুধ না থাকায় তিনি ফিরে যাচ্ছেন। পলিগংগাপুর কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রোভাইডার জাকিয়া সুলতানা, দুর্গাপুরের জিল্লুর রহমান, দিওড়ের মোস্তাফিজুর রহমান, রণগাঁয়ের আবু হাসান মো. সরকার জানান, তিন মাস ধরে ক্লিনিকগুলোতে কোনো ওষুধ আসেনি। ক্লিনিকগুলোতে সামান্য কিছু খাওয়ার স্যালাইন ও আয়রনের বড়ি রয়েছে। তাঁরা রোগীদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান জানান, দ্রুত ওষুধ সরবরাহের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।