বিরামপুরে নারীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আসমানী বেগম (২৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের কালীশহর শালবাগন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই একটি হত্যা মামলা হয়েছে। আসমানী ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর মহল্লার মৃত ফজলুর রহমানের মেয়ে।

ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় শালবাগানের ভেতরে আসমানীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে তিনি বিরামপুর থানার পুলিশ নিয়ে রাত ১২টার দিকে ওই লাশ উদ্ধার করেন। গতকাল সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ আসমানীর ব্যবহূত একটি রক্তমাখা ভেনেটি ব্যাগ উদ্ধার করেন।

আসমানীর মা তরিফুন বেগম প্রথম আলোকে জানান, গত বুধবার দুপুরে আসমানী হঠাৎ করে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ ছিল। এসআই বজলুর রশিদ প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। লাশের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি দা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথার খুলি আলাদা হয়ে গেছে। হত্যাকাণ্ডে কমপক্ষে দুই থেকে তিনজন অংশ নেয়। অনেক গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। অচিরেই হত্যাকারীদের ধরা সম্ভব হবে। এ ঘটনায় খানপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আহার আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।