বিরামপুরে বন্দোবস্তের জমি বুঝে পাচ্ছেন না ভূমিহীনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ১০ জন ভূমিহীনের ৫ একর ২৩ শতাংশ খাসজমি স্থানীয় কিছু লোক দখল করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ভূমি কার্যালয় থেকে সেই ১০ জনের নামে বন্দোবস্ত দেওয়া হলেও ওই জমি তাঁরা ভোগদখল করতে পারছেন না। এ বিষয়ে কয়েক মাস আগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার খাঁনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ জন ভূমিহীন ১৯৮০ সালের পরে বিভিন্ন সময়ে সরকারের কাছে খাসজমি বন্দোবস্ত চেয়ে আবেদন করেন। ১৯৮৯ সালে খাঁনপুর ইউনিয়নের প্রয়াগপুর ঘোড়াপাথর গ্রামের যতিন কর্মকারকে ৬৫ শতক, ১৯৯০ সালে জগেন কর্মকারকে ৬৬ শতক, ১৯৯৩ সালে আদর্শ গ্রামের পাউলুস হাসদাকে ৪৫ শতক, আব্রাহাম হাসদাকে ৩৭ শতক, ১৯৯৪ সালে উপেন সরেনকে ৫৯ শতক, আন্দ্রিয়াস মুরমুকে ৪৫ শতক, পিউস টুডুকে ৪৪ শতক, ১৯৯৬ সালে রূপনগর গ্রামের আবু বক্কারকে ৫০ শতক, ১৯৯৯ সালে ঢাকোন্দো গ্রামের শুভাস হাসদাকে ৫০ শতক, ২০০৮ সালে রূপনগর গ্রামের আবু বক্করকে ৬২ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়।ভূমিহীন ব্যক্তিরা অভিযোগ করেন, দখলমুক্ত না করে জমি বন্দোবস্ত দেওয়ায় জমিগুলো তাঁরা বুঝে পাচ্ছেন না। কিন্তু তাঁরা ওই জমির খাজনা নিয়মিত পরিশোধ করে আসছেন। তাঁদের অভিযোগ, তাঁদের জমিগুলো খাঁনপুর ইউনিয়নের দিঘলচাঁন গ্রামের মারচিনা বেচড়া, বোজন, আনসেল হাসদা, মারকুস সরেন, সিমেন সরেন ও ঢাকোন্দো গ্রামের বিনস মুরমু দখল করে চাষাবাদ করছেন। তাঁরা দখল নিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। বিষয়টি ইউএনও, ইউপির চেয়ারম্যান, পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।জমি ভোগদখলকারীদের পক্ষে দিঘলচাঁন গ্রামের মারকুস সরেন জানান, ওই জমিগুলোয় তাঁরা স্বাধীনতার পর থেকেই চাষাবাদ করছেন। দিঘলচাঁন গ্রামের মারচিনা বেচড়া, বোজন ও আনসেল হাসদা জানান, তাঁরা জমিগুলো ১৯৮০ সাল থেকে চাষাবাদ করছেন। বন্দোবস্তের বিষয়ে কেউ তাঁদের কিছুই জানায়নি। তাঁরাও ভূমিহীন। সরকারের কাছে জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সরকার তাঁদের জমি বন্দোবস্ত দেয়নি।খাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, বন্দোবস্ত দেওয়ার আগে জমিগুলোর বিষয়ে খোঁজখবর নিতে হতো। এভাবে জমি বন্দোবস্ত দেওয়ায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।ইউএনও মোছা. রোখছানা বেগম জানান, ভূমিহীনদের অভিযোগ তদন্তসাপেক্ষে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।