দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে দুই পক্ষের মধ্যে কোন্দল দেখা দিয়েছে। উভয় পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কোন্দলের কারণে উপজেলা যুবদল ও ছাত্রদলের কমিটি হচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন ওরফে তোছা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিম। অপর পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী মণ্ডল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মামুন।গত ৯ আগস্ট ছাত্রদল বিরামপুর ডিগ্রি কলেজ শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষে কোন্দলের সূত্রপাত হয়। উপজেলা যুবদলের নেতা এবং ওই কলেজের সাবেক ভিপি গোলাম মোরশেদ জানান, কলেজ শাখার কমিটি গঠনের সময় আশরাফ আলী মণ্ডল সবার মতামত উপেক্ষা করে তাঁর ছেলে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ বিন মাশরাফির মনমতো কমিটি গঠনের উদ্যোগ নেন। সাধারণ কর্মীরা এর প্রতিবাদ করলে সেখানে পলাশের নেতৃত্বে কয়েকজন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামকে মারধর করেন। গত ২৭ আগস্ট উপজেলা যুবদলের কর্মিসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় আশরাফ আলী মণ্ডলের পক্ষ এবং কমর সেলিমের পক্ষ একে অপরকে দায়ী করে সংবাদ সম্মেলন করে।৩১ আগস্ট হাকিমপুর যুবদলের কর্মিসভা শেষে রাতে জেলা নেতারা বিরামপুরে পৌর বিএনপির কর্যালয়ে যাত্রাবিরতি করেন। এ সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ বিন মাশরাফির নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক বাবুল হোসেনকে মারধর করেন। এ ঘটনার পর দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে রাত ১১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে পলাশ এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।এদিকে জেলা যুবদল গত ২ সেপ্টেম্বর পৌর যুবদলের সভাপতি নূরে আলম ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জোবাইদুল হককে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে উপজেলা যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কমর সেলিম-সমর্থিত পক্ষ গত ২৪ সেপ্টেম্বর বিরামপুরে মিছিল ও সমাবেশ করে।আশরাফ আলী মণ্ডল বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রশ্রয় দিয়ে দলের বারোটা বাজাতে চান। কিন্তু তা হতে পারে না।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিম বলেন, আশরাফ আলী মণ্ডল ক্ষমতার অপব্যবহার করে একচ্ছত্রভাবে দলের কার্যক্রম চালানোর অপচেষ্টা করছেন। তাঁর কারণেই দলের আজ বেহাল অবস্থা।উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন বলেন, ‘বিরোধী দলের এই দুর্দিনে যেখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে; সেখানে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান একটি পক্ষ অবলম্বন করছেন। তিনি যেভাবে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, তা দুঃখজনক।’জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, তিনি কোনো পক্ষ নেননি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং দলে কোন্দল সৃষ্টির অভিযোগে জেলা কমিটি বিরামপুর উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।