বিরামপুরে বিএনপির দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন নিয়ে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আজাদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী মণ্ডল পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মেয়রের কার্যালয়ে ওই ঘটনা ঘটে।
বিএনপির দলীয় প্রার্থী হিসেবে এত দিন উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী মণ্ডলের নাম শোনা গেলেও দলীয় প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র জমা দেন মেয়র আজাদুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বলেন, বেলা সাড়ে চারটার দিকে আজাদুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে বেলা ১১টায় হওয়া ওই হাতাহাতির ঘটনার পর সেখানে গেলে দুই পক্ষের নেতা-কর্মীরা বলেন, আজাদুল ইসলামের বিরুদ্ধে অর্থঋণ আদালতে জনতা ব্যাংকের মামলা রয়েছে। পরে মেয়র আজাদুল ইসলাম কেন্দ্রে বলেন, তিনি গতকাল বেলা ১১টার মধ্যে ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করে দেবেন। এই শর্তে কেন্দ্র আজাদুল ইসলাম এবং আশরাফ মণ্ডলের নামে দুটি দলীয় মনোনয়ন চিঠিসহ কায়সার পারভেজ নামে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধিকে আজাদুল ইসলামের সঙ্গে বিরামপুরে পাঠিয়ে দেন।
আশরাফ মণ্ডলের অনুসারীরা অভিযোগ করেন, কায়সার পারভেজ বিরামপুরে এসে আজাদুল ইসলামের সঙ্গে আঁতাত করে লুকিয়ে থাকেন। বেলা ১১টায় কায়সার পারভেজের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আজাদুল ইসলামের উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে।
জনতা ব্যাংক বিরামপুর কার্যালয়ের ব্যবস্থাপক গোলাম রব্বানী বলেন, দুপুর সাড়ে ১২টার পর আজাদুল ইসলাম জনতা ব্যাংকে তাঁর ঋণের ৮১ লাখ ১৮ হাজার ৩৭৭ টাকা পরিশোধ করেন। এ সময় সেখানেও দুই পক্ষের মধ্যে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
জানতে চাইলে আশরাফ আলী মণ্ডল বলেন, জেলা থেকে তাঁকে মনোনয়ন দিয়ে কেন্দ্রে নাম পাঠানো হয়েছে। কেন্দ্র থেকেও তাঁর নাম ঘোষণা করা হয়েছে। সব গণমাধ্যমেও তাঁর নাম এসেছে। অথচ কারসাজি করে এখন মনোনয়ন আজাদুল ইসলামকে দেওয়া হচ্ছে।
এই অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, যোগ্য প্রার্থী হিসেবে জেলা থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি আশরাফ মণ্ডলকে মনোনীত করেছিলেন। তাঁকে মনোনয়ন দিতে কেন্দ্র নেতাদের বারবার সুপারিশও করেছেন। কারণ, বর্তমান মেয়র আজাদুলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।
আজাদুল ইসলামের সঙ্গে আসা বিএনপির কেন্দ্র কমিটির প্রতিনিধি কাওসার পারভেজ বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তিনি কেন্দ্র থেকে এসেছেন। আজাদুল ইসলাম ব্যাংকের ঋণ পরিশোধ করায় তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয়নি বলে দাবি করেন তিনি।