বিরামপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
দিনাজপুরের বিরামপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধ এবং সীমানা সমস্যা নিরসন করতে গতকাল শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কমান্ড্যান্ট রাজেন সুধ। বেলা সাড়ে ১২টায় বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তের ২৮৮ নম্বর মেইন পিলারের আওতাধীন ৪৮ সাব-পিলারের কাছে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় বেলা সাড়ে তিনটায়।
পতাকা বৈঠক শেষে বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকবর আলী বলেন, গত ২ ফেব্রুয়ারি বিরামপুরের অচিন্তপুর সীমান্তে বাংলাদেশের অংশে ঢুকে নিরীহ খেতমজুর নজরুল ইসলামকে হত্যা এবং অন্য খেতমজুরদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে বিএসএফ। ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার দাবি জানান তাঁরা।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিরামপুর সীমান্তের ওপারে ভারতের বিভিন্ন গ্রামে ৭১ জন মাদক চোরাচালানির নাম দিয়ে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। এ ছাড়া বিরামপুর সীমান্তের ৩১টি অংশে চাষের জমির সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনেও আলোচনা হয়েছে।