বিরামপুরে ভারতীয় কিশোর আটক
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শরিফুল ইসলাম (১৬) নামের এক ভারতীয় কিশোরকে আটক করেছেন। এ ঘটনায় বিজিবি বিরামপুর থানায় মামলা করেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিরামপুরের দাউদপুর বিজিপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আমির খসরু হাবিবপুর এলাকা থেকে শরিফুলকে আটক করেন। শরিফুল বিরামপুরের কাটলা-দাউদপুর সীমান্তসংলগ্ন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার উত্তর জামালপুর গ্রামের শাহী ইমরান মণ্ডলের ছেলে। সে মালদহ মাদ্রাসায় লেখাপড়া করে বলে জানিয়েছে।
আমির খসরু জানান, সম্প্রতি স্থানীয় বাসিন্দারা মৌখিকভাবে অভিযোগ করেন, বিরামপুরের শিবপুর গ্রামের রেজোয়ান (২৩) নামের এক তরুণ যশোরের একটি মেয়েকে নিয়ে ভারতে পালিয়ে যান। তিনি আটক শরিফুলের খালাতো ভাই। বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফুল বাংলাদেশে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আমির খসরু আরও জানান, যশোরের ওই মেয়েকে ভারতে নিয়ে যাওয়ার বিষয়ে ওই মেয়ের পরিবারের কারও লিখিত বা মৌখিক অভিযোগ তাঁরা পাননি।