বিরামপুরে মাদক প্রতিরোধে পাহারায় নারী-শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার মির্জাপুর মহল্লার নারী ও শিশু-কিশোরেরা লাঠি হাতে পালাক্রমে এলাকা পাহারা দিচ্ছে। গত সোমবার বেলা ১১টার দিকে মির্জাপুর মহল্লায় মোটরসাইকেল নিয়ে ঢুকতেই একদল শিশু-কিশোর পথ রোধ করে। এগিয়ে আসেন কয়েকজন মহিলা। সবার হাতে লাঠি। তাঁরা মহল্লায় আসার উদ্দেশ্য জানতে চান। সাংবাদিক পরিচয় পাওয়ার পরও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে না যেতে সাবধান করে দেন। এ সময় খোদেজা বিবি (৪০) বলেন, ‘ডালখোরেরা (ফেনসিডিল-সেবীরা) প্রতি দিন পাড়াত আইসে ডাইল খাবা। খাই যাবার সময় হামার মা-বইন সবাকে উদ্দেশ করি কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। প্রতিবাদ করলে উল্টা ওরাই হামাক শাসায়।’ একই ধরনের কথা বলেন নাসিমা আক্তার (২৫), আম্বিয়া বেগমসহ কয়েকজন।পরে বিরামপুর বাজারে মাছ ব্যবসায়ী আনিছুর রহমান (৪৮), সামছুল হক (৫৬) ও মুদির দোকানদার সবুজ মিয়া (২০) অভিযোগ করেন, মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় এখানকার যুবকেরা মাদকাসক্ত হচ্ছে। জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মে। নষ্ট হচ্ছে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ। মাংস ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৫২) বলেন, ‘ছোট্ট এই মহল্লাটাত নিত্যদিন ২০০ থেকে ৩০০ মোটরসাইকেল আসে। মাদক ব্যবসায়ীদের বাড়িতে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য গ্রহণ করে। এসবের প্রতিবাদ করায় গ্রাহক ছুটে গেলে উল্টো দেখে নেওয়ার হুমকি দেয় মাদক ব্যবসায়ীরা।’পৌর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘একসময় বিরামপুরে মাদকের আখড়া ছিল পূর্বপাড়া। প্রায় দেড় বছর আগে ওই মহল্লার নারীরা এক জোট হয়ে মাদক প্রতিরোধ কমিটি করেন। ঝাড়ু ও বাঁশি হাতে এলাকা পাহারা দেন। সেখানে মাদক বিক্রি বন্ধ হয়ে যায়। বর্তমানে মির্জাপুর মহল্লাটি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। মাদক প্রতিরোধে এলাকার নারী ও শিশুকিশোরেরা একজোট হয়ে যে উদ্যোগ নিয়েছে তার প্রতি সর্বাত্মক সহযোগিতা দেব। শিগগিরই এলাকার সুধীজনকে নিয়ে এখানে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে।’ বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম সোমবার বলেন, ‘ওই মহল্লার কয়েকটি বাড়িতে মাদক ব্যবসা চলে। বিভিন্ন সময় পুলিশের অভিযানের পর সাময়িক বন্ধ হলেও আবার তারা মাদক ব্যবসা শুরু করে। এ অবস্থায় মাদক প্রতিরোধে পুলিশ এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে। পুরুষেরা কাজের সন্ধানে বাইরে চলে যায় বিধায় নারী ও শিশুকিশোরেরা পালাক্রমে এলাকা পাহারা দিচ্ছে।’