বিরামপুরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা
দিনাজপুরের বিরামপুর বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসায় গতকাল বুধবার সকালে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুরের বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জামিল আখতার, বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন। আরও বক্তব্য দেন মাদ্রাসার মুহাদ্দিস এনামুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুর রাজ্জাক, ইউপি সদস্য মেসবাউল হক প্রমুখ।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদীদের প্রতিহত করে এ দেশের যুব সমাজকে বিশ্ব দরবারে দুর্বল, মেধাহীন ও অথর্ব জাতি হিসেবে পরিচিত না করিয়ে কর্মমুখী ও মেধাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এ এস এম হাফিজুর রহমান।