বিরামপুরে মাদ্রাসা কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল শনিবার স্থানীয় একটি মাদ্রাসার এক কর্মচারী খুন হয়েছেন। একটি পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত ব্যক্তির নাম ওয়াকিল উদ্দীন (৪৫)। তিনি উপজেলার জোতমাধব গ্রামের বাসিন্দা এবং খয়ারবাড়ী-মির্জাপুর দাখিল মাদ্রাসার অফিস সহকারী। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খয়ারবাড়ী-মির্জাপুর মৌজার তালতলির চার বিঘার একটি পুকুরের মালিকানা নিয়ে স্থানীয় মোসলেম উদ্দীন ও মনজিল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে মামলা হওয়ায় আদালত মনজিল হোসেনের পক্ষে রায় দেন। মনজিল হোসেন তাঁর ভায়রা ওয়াকিল উদ্দীনকে পুকুরটি দেখাশোনা করার দায়িত্ব দেন। গতকাল সকালে ওয়াকিলসহ চার-পাঁচজন ওই পুকুরে মাছ ধরতে যান। এ সময় মোসলেমসহ ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে ওয়াকিল মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওয়াকিলের লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে মোসলেমের সহযোগী ময়েজ উদ্দীনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর মোসলেম উদ্দীন পালিয়ে থাকায় তাঁর এবং তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) উদয় কুমার মণ্ডল বলেন, লাশের শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বিলকিস বেগম থানায় মামলা করেছেন।