বিরামপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবদুল আউয়ালের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, সই জালসহ ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা অধিদপ্তরের তদন্তেও তাঁর দুর্নীতির প্রমাণ মিলেছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অভিযোগ করেন, আবদুল আউয়াল গত তিন বছরে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ৩০ থেকে ৩৫ জনের কাছ থেকে এক থেকে আড়াই লাখ টাকা করে নিয়েছেন। তাঁদের নিয়োগপত্রও দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বছরের পর বছর ধরে মাদ্রাসায় নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং কেউ কেউ মাদ্রাসার কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। মাদ্রাসাটি এমপিওভুক্ত করার কথা বলে এসব শিক্ষক-কর্মচারীর কাছ থেকে আলাদাভাবে টাকাও নেওয়া হয়েছে।নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদুর রহমান জানান, আবদুল আউয়াল তাঁকে কম্পিউটার শিক্ষক পদে এবং তাঁর ছোট ভাই বদিরুল ইসলামকে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য সাড়ে চার লাখ টাকা নিয়েছেন। ছোট মাগুরা গ্রামের রোস্তম আলী (৩২) জানান, তাঁকে কম্পিউটার বিষয়ের শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মাদ্রাসার সুপার তাঁর কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা নিয়েছেন। দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মুনিরুল ইসলামের অভিযোগ, সহকারী মাওলানা পদে নিয়োগ পেতে তিনি সুপার আবদুল আউয়ালকে দুই লাখ টাকা দিয়েছেন।নিয়োগবঞ্চিত এমন ১২ জন অভিযোগ করেন, আবদুল আউয়াল তাঁদের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে ঘোরাচ্ছেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশে গত বছর ২০ অক্টোবর রংপুর কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ফিরোজুল ইসলাম এবং চলতি বছর ৩০ জুলাই উপপরিচালক (রাজশাহী) তরুণ কুমার সরকার বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসার অনিয়ম তদন্ত করেন। ফিরোজুল ইসলাম জানান, সুপার আবদুল আউয়ালের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, কর্তৃপক্ষের সই জালসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সেভাবেই তিনি প্রতিবেদন দিয়েছেন।জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন জানান, তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শালবাগান মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবদুল আউয়াল মুঠোফোনে বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে অনেকের কাছ থেকে টাকা নিতে হয়েছে। যাঁদের চাকরি হয়নি, স্বাভাবিকভাবে তাঁরা অনেক কিছুই বলবেন। ধীরে ধীরে তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কর্মকর্তাদের সই জাল করার অভিযোগ তিনি অস্বীকার করেন।মাদ্রাসার সভাপতি আহসান হাবিব জানান, সম্প্রতি তিনি সভাপতি হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর সুপারের অনিয়ম-দুর্নীতির কথা শুনেছেন। অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাস খানেক আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যত শিগগির সম্ভব তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।