বিরামপুরে মেলার নামে অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল মডেল বিদ্যালয়ের মাঠে চলছে পশুমেলার নামে অশ্লীল নৃত্য। গত ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা।ওই এলাকার মিজানুর রহমান (৩০), সাইফুল ইসলামসহ (২৫) অনেকেই অভিযোগ করেন, মেলার নাম পশুমেলা হলেও এখানে কোনো পশু কেনাবেচা হয় না। এলাকাবাসীর অভিযোগ, মেলার নামে এখানে প্রতি রাতে তিনটি প্যান্ডেলে অশ্লীল নৃত্য চলছে। মেলা শুরু হওয়ায় এলাকার এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। নিকটবর্তী বিজুল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, মোটা টাকার বিনিময়ে পরীক্ষার সময় ওই বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠে মেলা করার অনুমতি দিয়েছে। এক দাখিল পরীক্ষার্থীর অভিভাবক রাহেলা বেগম জানান, মেলায় দিনরাত গানবাজনা চলছে। বিজুল মাদ্রাসা ছাত্রাবাসের দাখিল পরীক্ষার্থী হামীম, আবদুল কাইয়ুম ও আলিম পরীক্ষার্থী মাসুদ রানা, আনিছুর রহমানসহ অনেকই অভিযোগ করেন, মেলার মাইকের আওয়াজে অনেক পরীক্ষার্থী বাধ্য হয়ে অন্যত্র চলে গেছে। মেলা কমিটির সভাপতি এমদাদুল হক চৌধুরী দাবি করেন, মেলায় কোনো অশ্লীলতা হচ্ছে না। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় নাচগান চলবে। অন্য আয়োজন এক মাস পর্যন্ত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখছানা বেগম বলেন, অশ্লীলতার অভিযোগ পেয়ে তিনি মেলায় গিয়ে তা বন্ধের নির্দেশ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেলা উপলক্ষে বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার কথা তাঁর কাছে স্বীকার করেছেন বলে তিনি জানান।