বিরামপুরে মৎস্য চাষি খুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে সুলতান মাহমুদ (৪৫) নামের এক মৎস্যচাষি খুন হয়েছেন। এ ঘটনায় নিহত সুলতানের ছোট ভাই আতোয়ার হোসেন অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে বিরামপুর থানায় মামলা করেছেন।নিহত সুলতানের বড় ভাই মতিয়ার রহমান জানান, গ্রামের একটি পুকুর লিজ নিয়ে সেখানে মাছের চাষ করতেন সুলতান। মাছ পাহারা দেওয়ার জন্য তিনি বেশির ভাগ সময় ভগ্নিপতি লালচাঁদসহ পুকুরপাড়ের একটি ঘরে থাকতেন।লালচাঁদ বলেন, তিনি ও সুলতান মাছ পাহারা দেওয়ার জন্য মঙ্গলবার রাতে পুকুরপাড়ের ওই ঘরে ছিলেন। একপর্যায়ে তিনি বাইরে ঘুমিয়ে পড়েন। এ সময় মুখোশ পরা চারজন দুর্বৃত্ত হাত-পা বেঁধে সুলতানকে পাশের একটি আলুখেতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুলতানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।