বিরামপুরে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে রাস্তা পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান অনিয়মের সত্যতা নিশ্চিত করেছেন। এই সড়কের কাজের জন্য কার্যাদেশ পাওয়া ঠিকাদার কাজ না করে তিনি অন্য ঠিকাদারের কাছে কাজটি বিক্রি করে দিয়েছেন।উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর জিআরডিপি প্রকল্পের আওতায় ৪৭ লাখ ৫৬ হাজার ২৬০ টাকা ব্যয়ে খানপুর ইউনিয়নের রতনপুর বাজার থেকে ধানজুড়ি পর্যন্ত ২ দশমিক ৩৬ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয়। কাজ পান দিনাজপুরের ঠিকাদার রেজা হুমায়ুন ফারুক। আর কাজটি করছেন ওয়ারেছ জামান নামের এক ঠিকাদার।সরেজমিনে রতনপুর বাজারে গেলে গ্রামবাসী জানান, স্বাধীনতার পর এই ইউনিয়নে অনেক দেনদরবারের পর প্রথম পাকা রাস্তা হচ্ছে। রাস্তায় যে পরিমাণ মাটি কেটে বালু ফেলার কথা, ঠিকাদার ওই পরিমাণ মাটি না কেটেই বালু ফেলছেন। নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। গ্রামের ফেরদৌস রহমান (৪০) জানান, ঠিকাদার রাস্তার কাজের জন্য পার্শ্ববর্তী জয়নগর গ্রামে তাঁর ইটভাটায় নিম্নমানের খোয়া তৈরি করেন। বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। ধানজুড়ি গ্রামের কার্তিক হাসদা (৪৫), সিরাজুল ইসলামসহ (২৬) অনেকেই অভিযোগ করেন, রাস্তায় যে পরিমাণ মাটি কেটে বালু ফেলার কথা, ঠিকাদার ওই পরিমাণ মাটি না কেটেই বালু ফেলেছেন।উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে জানা যায়, রাস্তায় মাটি কাটা হবে এক ফুট, বালু দিতে হবে ছয় ইঞ্চি, খোয়া ও বালু (সাব বেজ) হবে চার ইঞ্চি আর শুধু খোয়া দিতে হবে ছয় ইঞ্চি।এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে দেওয়া ঠিকাদারের মুঠোফোনে কথা বললে মো. ওয়ারেছ জামান জানান, তিনি মূল ঠিকাদার রেজা হুমায়ুনের কাছ থেকে কাজটি কিনে নিয়েছেন। দরপত্র অনুযায়ী কাজ করলে মূল ঠিকাদারের ক্ষতি হবে বলে তাঁর কাছে মূল ঠিকাদার রেজা হুমায়ুন কাজটি বিক্রি করেছেন। কাজে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।এ বিষয়ে খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, তিনি অভিযোগ পেয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলেন। ঠিকাদার তাঁকে জানান, ইটভাটার শ্রমিকেরা ভুল করে কিছু খোয়া তৈরি করেছিল। খোয়াগুলো রাস্তার কাজে ব্যবহার করা হবে না বলে ঠিকাদার তাঁকে আশ্বস্ত করেছেন।উপজেলা প্রকৌশলী মো. মাহমুদ জামান জানান, একজন ঠিকাদারের কাজ অন্যজনের কিনে নেওয়ার কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। রাস্তার কাজ সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান। ২০ ভাগ হয়েছে। আগামী ৩ এপ্রিল কাজটি শেষ হওয়ার কথা।কাজে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে বর্তমান ঠিকাদার ওয়ারেছ জামান জানান, মূল ঠিকাদারের কাছ থেকে তিনি কাজটি নিয়েছেন। মূল ঠিকাদার রেজা হুমায়ুন ফারুকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে তাঁর কোনো মুঠোফোন নম্বর পাওয়া যায়নি।