বিরামপুরে শাখা যমুনা নদী থেকে বালু উত্তোলন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় শাখা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু কাটা চলছে। প্রভাবশালী ব্যক্তিরা এসব নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়মবহির্ভূতভাবে নদী থেকে বালু কাটায় হুমকির মুখে পড়েছে নদীতীরবর্তী এলাকার জমি, ঘরবাড়ি ও স্থাপনা।১৫ মে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর ঘাট, মোন্নাপাড়া, পৌর শহরের কৃষ্ণচাঁদপুর ঘাট, প্রস্তমপুর ঘাট, গোহাটি ঘাট, ঘাটপাড়, শিমুলতলী, মির্জাপুর, ভবানীপুর (মুন্সীপাড়া) ও কাটলা ইউনিয়নের হরিহরপুর ঘাট থেকে চৌঘুরিয়া ঘাট পর্যন্ত ১১টি স্থান থেকে বালু কাটা হচ্ছে।পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল বেশির ভাগ স্থান থেকে বালু কাটা নিয়ন্ত্রণ করছে। ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ওই মহলটির কাছ থেকে তিনি, চকবসন্তপুর গ্রামের সাইদুর রহমান ও আবদুল কাদের, মোন্নাপাড়া গ্রামের মন্টু মিয়া, উত্তর ভগবতিপুর গ্রামের আমিনুল ইসলাম, সোটাপির গ্রামের আবদুল ওয়াজেদ আলী ও মনোয়ার হোসেন বালু কাটার জন্য আবদুল মান্নানকে দেড় লাখ টাকা দিয়েছেন। আরও দেড় লাখ টাকা আগামী এক মাসের মধ্যে দেওয়ার কথা।আবদুল মান্নান টাকা নিয়ে বালু কাটতে দিচ্ছেন স্বীকার করে বলেন, এই টাকা দিয়ে এলাকার স্কুল, মসজিদ, ঈদগাহের উন্নয়ন করা হবে।ভবানীপুর মুন্সীপাড়ায় স্থানীয় আজগর আলী, শিমুলতলীতে চাঁদপুর গ্রামের কামরুজ্জামান, শিমুলতলীর বাবুল মিয়া, মানিক, হেলাল উদ্দিন ও দেলোয়ার হোসেন বালু তোলা নিয়ন্ত্রণ করছেন। তবে তাঁরা সবাই বলেন, প্রতিবছর নদী শুকিয়ে গেলে শত শত ট্রাক্টর-মালিক এখান থেকে বালু কেটে নিয়ে যান। এটা দেখে স্থানীয় বিভিন্ন ক্লাবের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা হয়।মিরপুর গ্রামের জালাল উদ্দিন, আবদুর রহমানসহ এলাকার বেশ কয়েকজন অভিযোগ করেন, শুধু শুকিয়ে যাওয়া নদীর মাটিই নয়, ইচ্ছামতো নদীপাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে। এ কারণে আশপাশের ফসলি জমি ও সেতু হুমকির মুখে পড়েছে, নষ্ট হচ্ছে রাস্তাঘাট।ভবানীপুরের (মুন্সীপাড়া) আজগর আলী, চাঁদপুর গ্রামের কামরুজ্জামান, শিমুলতলীর বাবুল মিয়া, মানিক এবং কাটলা হরিহরপুরের আবুল কালাম ও সাহেব মণ্ডল জানান, তাঁদের বাপ-দাদার পৈতৃক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাঁরা প্রতিবছর ওই জমির খাজনা দিয়ে আসছেন। তাঁদের জমি থেকেই ওই সব প্রভাবশালী ব্যক্তি বালু কাটছেন বলে তাঁরা দাবি করেন।বালু উত্তোলন নিয়ন্ত্রণকারীরা বলেন, তাঁরা প্রতি ট্রলি বালু ১৫০ থেকে ২০০ টাকা এবং বালুমিশ্রিত মাটি ট্রলিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন।ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সেলিম রেজা জানান, বিরামপুরে কখনো যমুনা নদীতে বিলীন হয়ে যাওয়া জমির জরিপ করা হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত ওসমান জানান, ওই স্থানগুলো বালুমহাল হিসেবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয় লোকজন যে যার মতো প্রভাব খাটিয়ে বালু তুলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান ১৫ মে প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি। তবে অচিরেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বুধবার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৯ মে ওই এলাকায় অভিযান চালিয়ে কোদাল-বেলচাসহ বালু কাটার কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তবে এর পরও বালু কাটা চলছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ বালু কাটলে প্রয়োজনে আবার অভিযান চালানো হবে।