বিরামপুরে শ্বশুরবাড়িতে জামাতা, গুরুদাসপুরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত শনিবার একজনকে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে এবং শ্বাস রোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন যৌতুক দাবি করে না পেয়ে নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। বিরামপুরে খুন হওয়া ব্যক্তির নাম মামুনুর রশীদ (২৮)। তিনি উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মৃত জবান আলীর ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই গোলজার আলী বাদী হয়ে রোববার বিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। এতে মামুনুর রশীদের স্ত্রী সুলতানা বেগম (২০), শাশুড়ি ফাতেমা বেগম (৫৫), শ্যালক বাবু (২০), ভায়রা আজিজারসহ আটজনকে আসামি করা হয়েছে। নিহতের বড় ভাই গোলজার আলী মামলার এজাহারে উল্লেখ করেছেন, ছোট ভাই মামুনুর রশীদ বিয়ের কিছুদিন পর স্ত্রী সুলতানার চাপে শ্বশুরবাড়ি উপজেলার আমতলী গ্রামেই থাকতেন। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত শুক্রবার বিকেলে খবর আসে মামুনুরকে তাঁর স্ত্রী ও ভায়রারা মিলে বেদম মারধর করেছে। পরদিন শনিবার বেলা তিনটায় খবর আসে মামুনুর বিষপান করে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা মামুনুরের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তাঁরা খবর পান মামুনুরকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই হাবিবপুর এলাকায় মামুনুর মারা যান। সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকেরা মামুনুরের লাশ উত্তর দাউদপুর গ্রামে নিজ বাড়িতে রেখে যায়। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের শাহজামাল গত শনিবার রাতে যৌতুক দাবি করে না পেয়ে তাঁর স্ত্রী শিউলীকে (২০) শ্বাস রোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম গত রোববার বিকেলে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় শাহজামালসহ তাঁর বাবা তশির ও মা শাবনূরকে আসামি করা হয়েছে। পুলিশ শাশুড়ি শাবনূরকে গ্রেপ্তার করেছে। অন্যরা পলাতক রয়েছে।