বিরামপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
দিনাজপুুরের বিরামপুর উপজেলার বিচিকিনি গ্রামে সুরাইয়া আখতার (১২) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রতিবেশীরা সুরাইয়ার লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিজেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরাইয়া দিনমজুর সাইফুল ইসলামের মেয়ে। সে বিজুল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।নাম প্রকাশ না করার শর্তে তিনজন প্রত্যক্ষদর্শী ও বেশ কয়েকজন গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রভাবশালী পরিবারের এক তরুণ ওই ছাত্রীকে ধর্ষণ বা ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করেছেন। বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়।সাইফুল ইসলাম জানান, তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলেটি বিরামপুরে একটি দোকানে কাজ করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, নিহত স্কুলছাত্রীর চোয়ালের নিচে বেশ কয়েকটি দাগ রয়েছে। সেগুলো ফাঁসের নয়। দাগগুলো সন্দেহজনক। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, নির্ভরযোগ্য সূত্রে তিনি জানতে পেরেছেন, প্রতিবেশী প্রভাবশালী পরিবারের এক তরুণ সুরাইয়াকে ধর্ষণ বা ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করেছেন। ওই তরুণের আজ (বুধবার) সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। ঘটনার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না, মুঠোফোনও বন্ধ। সাইফুল ইসলামও জানান, ঘটনার দিন দুপুরে খাওয়ার সময় ওই তরুণকে সন্দেহজনকভাবে তাঁর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখেছেন।সিরাজগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধারআমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবুল হাশেম (১০) নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা। চার দিন পর গতকাল মঙ্গলবার তার গলিত লাশ উপজেলার বাঙ্গালা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আবুল হাশেম উল্লাপাড়া উপজেলার পাড় এলোজানিং গ্রামের বরাত আলীর ছেলে ও চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।