বিরামপুরের ওপারে ভারতের দুই গ্রামে মাদকের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্তের শূন্য রেখাসংলগ্ন ভারতের দুটি গ্রামে অনুপ্রবেশ করে মাদক কিনছেন বাংলাদেশের মাদকসেবী ও ব্যবসায়ীরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ জানিয়েছে, ভারত সীমান্তের মধ্যে গ্রাম দুটির অবস্থানের কারণে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর কাটলা ইউপির সীমান্তের ২৮৯ মেইন পিলারের ৫২ ও ৫৩ নম্বর সাব-পিলারের কাছে দক্ষিণ দাউদপুর গ্রামসংলগ্ন ভারতের নামা গোবিন্দপুর গ্রাম এবং কাটলা ইউপির দক্ষিণ দামদরপুর গ্রামসংলগ্ন ভারতের উঁচা গোবিন্দপুর গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে মাদক কেনাবেচা করেন। প্রতিদিন দিনাজপুর, রংপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মাদকসেবী ও ব্যবসায়ী গ্রাম দুটিতে অনুপ্রবেশ করে মাদক কিনে নিয়ে আসেন।এলাকাবাসী জানান, প্রতিদিন কমপক্ষে ২৫০টি মোটরসাইকেল, ২০-৩০টি মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে মাদক ব্যবসায়ীরা দক্ষিণ দাউদপুর গ্রামে আসেন। তাঁরা গ্রামের বিভিন্ন খোলা স্থানে যানবাহনগুলো রেখে অবৈধভাবে ভারত সীমান্তের গোবিন্দপুর গ্রামে মাদক সেবন করতে ও কিনতে যান। এ ছাড়া প্রায় সমপরিমাণ যানবাহন দক্ষিণ দামদরপুর (বাসুপাড়া) গ্রামের বিভিন্ন স্থানে রেখে দেশের মাদকসেবী ও ব্যবসায়ীরা ভারতের উঁচা গোবিন্দপুর গ্রামে যান মাদক কিনতে।কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল জানান, সীমান্তের ওপারে ভারতের ভেতরে অনুপ্রবেশ করে প্রতিনিয়ত বাংলাদেশের মাদকসেবী ও ব্যবসায়ীরা মাদক কিনে আনছেন। বিষয়টি তিনি বিজিবি ও পুলিশকে অবগত করেছেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, মাদক বেচাকেনার ঘাঁটিগুলো সীমান্তের ওপারে হওয়ায় তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারেন না। তবে প্রায়ই কাটলা সীমান্তে বিভিন্ন ধরনের যানবাহনসহ মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হয়।এ ব্যাপারে বর্ডার গার্ড ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল হক জানান, শূন্য রেখায় ভারতের গ্রামগুলোর মাদক ব্যবসায়ীদের তালিকা বিএসএফের কাছে দেওয়া হয়েছে এবং ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।