বিরামপুরের বাফার গুদামে ৯৮ মে. টন ইউরিয়ার হদিস নেই
দিনাজপুরের বিরামপুরের চরকাই বাফার গুদামে ৯৮ মেট্রিক টন ইউরিয়া সারের হদিস মিলছে না। গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার সরেজমিনে বাফার গুদামে দেখা যায়, বেশ কিছু শ্রমিক নিয়ে কর্মকর্তারা সারের বস্তাগুলো গুনছেন। খালি বস্তায় পুরোনো, নোংরা সার ভর্তি করছেন। কর্মরত শ্রমিকেরা জানান, সার কম থাকায় কয়েক দিন থেকে তাঁরা সারের বস্তা গুনছেন।
গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জি এম বিল্লাল হোসেন জানান, তিনি গত ১৬ জুন চরকাই বাফার গুদামে যোগদান করেন। এ সময় সহকারী প্রকৌশলী মিজানুর রহমান কাগজে-কলমে তাঁকে ১২ হাজার ৯৮২ মেট্রিক টন ইউরিয়া সার আছে বলে বুঝিয়ে দেন। তিনি যে সময় দায়িত্ব নেন তখন প্রচুর বৃষ্টি ছিল। তাই তাঁর পক্ষে কাগজ-কলমে থাকা সারের সঙ্গে গুদামে রক্ষিত সার গুনে নেওয়া সম্ভব হয়নি। এ মাসের শুরুতে গুদামে সারের পরিমাণ কমে এলে তাঁর সন্দেহ হয়। এ সময় তিনি সারের বস্তা গুনতে শুরু করেন।
১২ নভেম্বর তিনি গুদামের সার গুনে দেখতে পান, পাঁচ হাজার ১২২ দশমিক আট মেট্রিক টন ইউরিয়া আছে। কিন্তু হিসাবমতে থাকার কথা পাঁচ হাজার ২২০ দশমিক আট মেট্রিক টন সার। বিষয়টি তিনি ওই দিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
সার কম নেই দাবি করে মিজানুর রহমান বলেন, গুদামের সব সারের বস্তা ভালোভাবে না গুনেই বিল্লাল হোসেন ওই কথা বলছেন।