বিরামপুরের সেই মাদ্রাসায় কর্মচারী নিয়োগ বাতিল
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার কর্মচারী নিয়োগ বাতিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখছানা বেগম। তদন্তে নিয়োগের অনিয়মের সত্যতা পাওয়ায় নিয়োগ বাতিল করা হয়েছে বলে তিনি জানান। গত ৪ ফেব্রুয়ারি ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন ও সুপার শহিদুল ইসলাম টাকার বিনিময়ে রবিউল ইসলাম নামের একজনকে নিয়মবহির্ভূতভাবে নিম্নমান সহকারী পদে নিয়োগ দেন। এ ঘটনায় নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ১০ ফেব্রুয়ারি মোছা. রোখছানা বেগম কৃষি কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। কৃষি কর্মকর্তা মো. শাহ আলম তদন্ত করে নিয়োগে অনিয়মের সত্যতা পাওয়ায় তা বাতিলের সুপারিশ করে ২৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেন। মো. শাহ আলম জানান, তদন্তে তিনি অভিযোগ ও প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সত্যতা পান।