বিরামপুুরে মন্দিরে আগুন প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের শালঘরিয়া গ্রামের একটি মন্দির গত বৃহস্পতিবার রাতে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। এ ছাড়া একটি কালীমূর্তি ভেঙে পানিতে ফেলে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনাজপুর পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় হিন্দুধর্মাবলম্বী লোকজন, জনপ্রতিনিধি ও উপজেলা পুজা উদ্যাপন কমিটির নেতারা জানান, হিন্দুধর্মাবলম্বী লোকজনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।শালঘরিয়া দুর্গামন্দিরের সভাপতি সুজয় চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রামে হরিবাসর হচ্ছিল। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন বাঁশ ও পাটকাঠির বেড়ার তৈরি মন্দিরটি পুরোপুরি পুড়ে গেছে। তিনি অভিযোগ করেন, ২০১১ সালে তাঁর দান করা জমিতে নতুন করে এই মন্দির নির্মাণ করা হয়। এর পর থেকেই অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিবার পূজার আগেই প্রতিমা ভাঙচুর করে।ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান জানান, ওই গ্রামে একটি মন্দির ছিল। ২০১১ সালে সুজয় সাহা নতুন করে আরেকটি মন্দির নির্মাণ করার পর থেকে দুই মন্দিরের কমিটির মধ্যে কোন্দল শুরু হয়। এর জের ধরেই এসব ঘটনা ঘটছে বলে তিনি জানতে পেরেছেন। অপর মন্দিরের সভাপতি উপেন্দ্রনাথ জানান, তাঁরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত নন। বিরামপুর উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি শিশির কুমার জানান, ওই গ্রামের দুই মন্দিরের কমিটিকে নিয়ে অচিরেই বসে কোন্দলের নিরসন করা হবে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, অভিযোগ পেলেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।