চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ও গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতীক পেয়ে গতকাল বুধবার থেকে মাঠে নেমেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ। উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান জালাল। স্থানীয় সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরী গ্রামে গ্রামে বিরামহীন গণসংযোগ ও উঠান-বৈঠক চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া উজ্জ্বল ভৌমিকও গণসংযোগ করছেন। গতকাল থেকে প্রচারণা শুরু করেছেন জালাল উদ্দিনও। উপজেলার বিভিন্ন এলাকা সাইফুজ্জামান চৌধুরী ও উজ্জ্বল ভৌমিকের নির্বাচনী পোস্টারে ছেয়ে যাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর পোস্টারই বেশি। সাইফুজ্জামান চৌধুরীর সমর্থনে বিভিন্ন স্থানে মাইকিংও করা হচ্ছে। জালাল উদ্দিন উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনে নাটকীয় মোড় নেয়। এর আগে এলাকায় তেমন কোনো নির্বাচনী আমেজ ছিল না। জালাল উদ্দিন নির্বাচনী লড়াইয়ে ফিরে আসার পর প্রার্থীদের দৌড়-ঝাঁপ বেড়ে গেছে। জালাল উদ্দিন আহমদ বলেন, ‘আমার প্রার্থিতা ফিরে পাওয়ার খবর পেয়েই কর্মীরা মাঠে নেমে পড়েছেন। আমিও বুধবার থেকে মাঠে নেমেছি।’গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক বলেন, ‘আমি প্রচারণা চালাচ্ছি। ভোটারদের নীরব সমর্থনও পাচ্ছি।’ অন্যদিকে সাইফুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি রাতদিন পরিশ্রম করে ভোটারদের কাছে যাচ্ছি। ভোটাররা ভালোভাবে সাড়া দিচ্ছেন।’