বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। গত শুক্রবার চাল বিতরণের সময় ওই ইউনিয়নের ১০৬ জন কার্ডধারী ব্যক্তি চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল আজহা উপলক্ষে এ উপজেলার ১০টি ইউনিয়নের ১৫ হাজার ৮০৮ জন দরিদ্র মানুষের মধ্যে ১৫৮ টন ৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেক কার্ডধারীকে এক কেজি করে চাল বিতরণের কথা। জয়শ্রী ইউনিয়নের এক হাজার ৩০০ কার্ডধারীর বিপরীতে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ চাল ইউপি চেয়ারম্যান গত মঙ্গলবার মধ্যনগর খাদ্যগুদাম থেকে উত্তোলন করে গত শুক্রবার তা বিতরণের পর কম পড়ে যাওয়ায় ১০৬ জনকে দেওয়া সম্ভব হয়নি। জয়শ্রী ইউপির চেয়ারম্যান মহসীন আহমদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গত রোববার বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। শুকুর আলী নামের এক ইউপি সদস্য আমার স্বাক্ষর জাল করে তাঁর লোকজন দিয়ে চাল নেওয়ায় তালিকাভুক্ত ১০৬ জন দুস্থ ও দরিদ্র মানুষ চাল পায়নি। তবে আমি দু-এক দিনের মধ্যে চাল কিনে তাদের মধ্যে বিতরণ করব।’ তদারকির দায়িত্বে থাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক কুমার পাল জানান, ১০৬ জন কার্ডধারী চাল না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শুকুর আলী বলেন, ‘আমি স্বাক্ষর জাল করিনি। চাল তুলে ইউপি চেয়ারম্যান অন্যত্র বিক্রি করে দিয়েছেন। তাই আমার ওয়ার্ডের ১০৬ জন দরিদ্র লোক চাল পায়নি। আমি ইউএনওকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’