বিরূপ আবহাওয়া, সেন্ট মার্টিনে আটকা ৫১ পর্যটক
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ মঙ্গলবার সকাল থেকে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দ্বীপে আটকা পড়েছেন ৫১ জন পর্যটক।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শহীদুল ইসলাম বলেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন বলেন, আটকা পড়া অর্ধশতাধিক পর্যটক দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে রয়েছেন। আজ সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত নানা চেষ্টা করেও তাঁদের টেকনাফ আনা সম্ভব হয়নি।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, দ্বীপে আটকা পড়া পর্যটকদের আনার জন্য আজ সকালে তাঁরা সেন্ট মার্টিনে যাওয়ার চেষ্টা করলেও সাগরে প্রচণ্ড ঢেউয়ের কারণে স্থানীয় প্রশাসনের বাধার মুখে যেতে পারেননি।
পর্যটক ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে নয়টার দিকে দমদমিয়া জাহাজঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক পর্যটক ভিড় করেন। সংকেত থাকায় জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিতে দেয়নি প্রশাসন। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যারা সেন্ট মার্টিন যেতে আগাম টিকিট নিয়েছিলেন, তাদের স্ব স্ব কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তাঁরা।
এদিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ১৫ মিনিট পর ট্রলারটি নাফ নদী অতিক্রম করে বঙ্গোপসাগরের বদর মোকাম চ্যানেলে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে। এ সময় ট্রলারে থাকা পর্যটকদের বেশির ভাগই কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে পর্যটকদের চাপের মুখে ট্রলারটি টেকনাফ ফিরিয়ে আনা হয়।
ওই ট্রলারের যাত্রী সিলেট মাজার এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, ‘সাগর শান্ত আছে বলে আমাদের ট্রলারে তোলা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বাতাসের গতি বাড়লে ঢেউও বাড়ে। ঢেউয়ের ওপর ট্রলারটি দুলতে থাকে। মনে হচ্ছিল, এই বুঝি ট্রলারটি ডুবে যাচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ায় সাগর পাড়ি দিয়ে কাউকে সেন্ট মার্টিন যেতে দেওয়া হচ্ছে না। দ্বীপে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।