বিরূপ আবহাওয়া এ মাসে বদলাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবহাওয়া পরিস্থিতি বেশ বিরূপ যাচ্ছে। গত শীত মৌসুমে বৃষ্টিপাত একেবারে হয়নি বললেই চলে। ফলে মাটির আর্দ্রতা অনেক কম ছিল। তার ওপর মার্চ মাসে দেশের অর্ধেকেরও বেশি এলাকায় (রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ) ছিল কার্যত খরা পরিস্থিতি। এ তথ্য আবহাওয়া অধিদপ্তরের। তবে এপ্রিলে এই বিরূপতা বদলাতে পারে বলেও অধিদপ্তর সূত্রে জানা গেছে।ওই তথ্য অনুযায়ী, মার্চ মাসে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ২২ মিলিমিটার; হয়েছে শূন্য দশমিক ৩ মিলিমিটার। খুলনা বিভাগে স্বাভাবিক ৪৩ মিলিমিটারের স্থলে বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার। বরিশাল বিভাগে স্বাভাবিক ৫৩ মিলিমিটারের স্থলে হয়েছে শূন্য দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি।ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও মার্চ মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় অর্ধেকের মতো। ফলে প্রায় সারা দেশেই শুষ্কতা বেড়েছে। গরম তীব্রতর হয়েছে। বোরো আবাদের জন্য সেচে বেশি পানি দিতে হচ্ছে। গ্যাস-বিদ্যুতের প্রয়োজনও হচ্ছে বেশি।এই গ্রীষ্মে গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় কোনো বৃষ্টি হয়নি। দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা স্বাভাবিকের তুলনায় কম। এই আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অভিমত জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই সময় বাংলাদেশের আবহাওয়া সাধারণত এরকমই থাকে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়। কখনো বেশি, কখনো প্রয়োজনের তুলনায় কম। আসলে কৃষি এবং নাগরিক জীবনযাত্রার প্রয়োজনে এই সময় প্রকৃতির কাছ থেকে আমরা যা চাই, তা পাওয়ার কথা নয়। সেই ঘাটতি পূরণ করতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি, পানির মতো গুরুত্বপূর্ণ উপাদানের কমতি পড়ে যায়।’ গত শীত মৌসুম থেকে শুরু করে মার্চ মাসজুড়ে চলে আসা আবহাওয়ার বিরূপতা এপ্রিল মাসে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই সভা থেকে এপ্রিল মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তিন-চার দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী কিংবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র চার-পাঁচ দিন হালকা থেকে মাঝারি মাত্রার কালবৈশাখী কিংবা বজ্রঝড় হতে পারে। পাশাপাশি দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। দেশের অন্যত্র তিন-চারটি মৃদু অথবা মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাওয়ার এবং মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।