বিরূপ আবহাওয়ার উপযোগী শস্য উদ্ভাবনে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের শস্য উৎপাদন কমে আসতে পারে। তাই বিরূপ আবহাওয়া সহ্য করতে পারে—এমন জাতের শস্য উদ্ভাবনে কৃষিতত্ত্ববিদদের এখনই কাজ শুরু করতে হবে। এসব শস্য কৃষকদের মধ্যে জনপ্রিয় করে তুলতেও মাঠপর্যায়ে কাজ করতে হবে।‘জলবায়ু পরিবর্তনের মুখে শস্য উৎপাদন: কৃষিতত্ত্ববিদদের করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেছেন। তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কৃষিতত্ত্ববিদ সমিতি আয়োজিত সম্মেলনে ভারত, পাকিস্তান, সুদান, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের ১০ জন বিজ্ঞানীসহ মোট ৫০০ জন কৃষিতত্ত্ববিদ অংশ নিচ্ছেন।সম্মেলনের উদ্বোধনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সভাপতি জয়নাল আবেদিন। তিনি জানান, ১৯৭৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে ১৪টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ১৯৫৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশে ৪২ বার বন্যা হয়েছে। এর মধ্যে ২৮টি বন্যা ছিল ভয়াবহ। পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষায় দেখা গেছে, সুন্দরবনের কাছে হিরণ পয়েন্টে বছরে ৫ দশমিক ৬ মিলিমিটার, কক্সবাজারে ১ দশমিক ৪ মিলিমিটার ও কক্সবাজারে ২ দশমিক ৯ মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ফলে উপকূলীয় এলাকার জমি লবণাক্ত হয়ে যাচ্ছে।জয়নাল আবেদিন বলেন, জুলাই মাসের মাঝামাঝি মৌসুমি বায়ু সক্রিয় হলেও ২০০৯ ও ২০১০ সালের আগস্ট মাসেও মৌসুমি বায়ু সক্রিয় না থাকায় বৃষ্টিপাত কম হয়েছে। ফলে মৌসুমের প্রধান ফসল আমনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের ২৭ লাখ হেক্টর জমি প্রতিবছর খরার হুমকির মধ্যে থাকে উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ৮ শতাংশ ধান ও ৩২ শতাংশ গমের উৎপাদন কমে যাবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে কৃষিক্ষেত্রের প্রস্তুতি তুলে ধরতে গিয়ে জয়নাল আবেদিন জানান, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা লবণাক্ত সহিষ্ণু ধানের জাত ব্রি-৪৭ উদ্ভাবন করেছেন। এ ধান কৃষকদের বোরো মৌসুমে চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। এ জাতের ধান প্রতি মিটারে আট ডিএস পর্যন্ত লবণাক্ততা সহ্য করে প্রতি হেক্টরে ছয় টন করে ফলন দেয়। এ ছাড়া দুই সপ্তাহ পানির নিচে থাকতে পারে এমন জাত বিআর-১১ এবং স্বর্ণা জাত উদ্ভাবন করা হয়েছে।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানীদের উদ্ভাবনকে মাঠপর্যায়ে নিয়ে যেতে হবে। সম্মেলনের কারিগরি অধিবেশনে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবন করা বিভিন্ন কৃষিপ্রযুক্তি নিয়ে আলোচনা করেন।সম্মেলনে আরও বক্তব্য দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার, বার্কের নির্বাহী চেয়ারম্যান ওয়াইস কবীর, সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ খোন্দকার। আজ সম্মেলনের শেষ দিনে বেশ কয়েকটি কারিগরি প্রবন্ধ উত্থাপন করা হবে।