বিরূপ আবহাওয়ায় ঝরে পড়ছে লিচু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরে গাছেই শুকিয়ে যাচ্ছে লিচু। রাজশাহীতে সকালে সিঁদুর রঙের লিচু বিকেলে বিবর্ণ হয়ে যাচ্ছে। এসব লিচু বাজারে সহজে বিক্রি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।লিচু আবাদের জন্য বিখ্যাত স্থান দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর এলাকার বাগানমালিক আবদুল ওয়াহেদ জানান, কুয়াশার কারণে অনেক লিচুবাগানে বেদানা জাতের লিচুর মুকুল ঝরে গেছে। এরপর গাছে যা ছিল, তা প্রচণ্ড রোদের তাপ ও পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত বাতাসের কারণে ফোসকা পড়ে ঝরে যাচ্ছে। শিকদারগঞ্জের লিচুর বাগান ব্যবসায়ী মো. মহসীন জানান, তাঁর দুটি লিচুর বাগানে শতাধিক গাছের রং ধরা ২৫ শতাংশ লিচু গাছেই শুকিয়ে গেছে। এরপর বোঁটা আলগা হয়ে গাছ থেকে ঝরে পড়ছে। একই কথা বলেন, মাসিমপুরের আবু বক্কর সিদ্দিক, আকবর আলী ও বিরল উপজেলার মতিয়ার রহমান, আজাদ কালাম এবং খানসামা উপজেলার মো. আজিম উদ্দিনসহ আম ও লিচু বাগানমালিকেরা। তাঁরা জানান, এ বছর মৌসুমের শুরুতে লিচুগাছে প্রচুর মুকুল ছিল। কিন্তু অনাবৃষ্টি, অসময়ে কুয়াশা আর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশির ভাগ মুকুল ঝরে যায়। এরপর অনেক ফল বাগানমালিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাগানে পানি সেচ দেয়। প্রয়োজনীয় কীটনাশক, বালাইনাশক ব্যবহার করে ফল রক্ষা করে। কিন্তু গত কয়েক দিনের বিরূপ আবহাওয়া বাগানমালিক এবং ব্যবসায়ীদের মনোবল ভেঙে দিয়েছে।দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১৪ ও ১৫ মে দুই দিন দিনাজপুরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। বাতাস ছিল না। অফিসের একজন কর্মকর্তা জানান, সকালে দৃশ্যত যে কুয়াশা দেখা যাচ্ছে, সেগুলো কুয়াশা নয়, একধরনের গরম বাষ্প।দিনাজপুর হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বিধান চন্দ্র হালদার প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ছে মৌসুমি ফলে। তিনি বলেন, এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে লিচু রক্ষা করার কোনো ওষুধ নেই। তবে গাছের গোড়ায় সেচ দিলে ফল ঝরে পড়া বা বালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব।রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৩৭ দিন ধরে রাজশাহীতে তেমন বৃষ্টি হয়নি। গত সোমবার রাজশাহীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পরের দিন মঙ্গলবার ছিল ৪১ ডিগ্রি ও বুধবার ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার দামকুড়া বাজারে পোড়া লিচু নিয়ে আসেন একই উপজেলার বিন্দারামপুর গ্রামের আবুল কালাম আজাদ। তিনি বলেন, আগের হাটে যে লিচু এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেছিলেন, বিবর্ণ হয়ে যাওয়ায় পরের হাটে সেই পরিমাণ লিচু অনেক চেষ্টায় মাত্র ৭০০ টাকায় বিক্রি করেছেন। লিচুর গায়ের রং দেখে আর কেউ কিনতে চাইছেন না। পবা উপজেলার গোবিন্দপুর গ্রামের বেনজির আহম্মেদের একটি গাছের সব লিচুর অবস্থা একই রকম। সব লিচুই যেন রোদে পুড়ে রং জ্বলে গেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিন বলেন, অতিরিক্ত তাপের কারণেই এমনটি হচ্ছে। এ অবস্থায় গাছের গোড়ায় পানি দিয়ে পরিচর্যা করা দরকার। রাজশাহীর ফল গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন বলেন, এটা ‘সান বার্ন’। এখন গাছের গোড়ায় পানি দিয়ে যদি কোনো উপকার পাওয়া যায়। তা ছাড়া এটা প্রতিকারের কোনো উপায় নেই।