বিরূপ আবহাওয়ায় শিশুদের ডায়রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়াজনিত কারণে জয়পুরহাটে ডায়রিয়ায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। গতকাল রোববারও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৬ রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ২০টিই শিশু।
ওই হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেয় ৭৫ জন। আর গত ফেব্রুয়ারি মাসে একই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৩৬৯ জন। ডায়রিয়ায় আক্রান্ত এসব রোগীর অধিকাংশই শিশু বলে জানিয়েছেন ডায়রিয়া ওয়ার্ডের নার্সরা। সূত্রটি আরও জানায়, এখন প্রতিদিন অন্তত ১৪-১৫ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের বয়স ১ থেকে ৫ বছর। চলতি মাসের প্রথম ৪ দিনে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ১০৮ জন। এর মধে৵ গতকালই ডায়রিয়া ওয়ার্ডে ২৬ রোগী ভর্তি হয়, যার ২০টিই শিশু।
গতকাল সকালের দিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যার অভাবে মেঝে ও বারান্দায় বিছানা পেতে বা মায়ের কোলে থেকে চিকিৎসা নিচ্ছে শিশুরা। জয়পুরহাট পৌরসভার খনজনপুর এলাকার ২ বছরের শিশু রুহি ডায়রিয়ায় আক্রান্ত হলে গতকাল রোববার হাসপাতালে ভর্তি হয়। কিন্তু শয্যা না পেয়ে মায়ের কোলে শুয়েই চিকিৎসা নিচ্ছে শিশুটি। সদর উপজেলার ছিটহেলকুন্ডা গ্রামের ২ বছরের শিশু মাশরাফি ডায়রিয়ায় আক্রান্ত হলে গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করান মা মোর্শেদা বেগম। প্রথম দিন ওয়ার্ডে জায়গা হয়নি। পরে অবশ্য ওয়ার্ডে শয্যা মিলেছে শিশুটির। তিনি জানান, হঠাৎ করে বুধবার রাতে ছেলের প্রচণ্ড জ্বর আসে সঙ্গে পাতলা পায়খানা ও বমি। খুব ভোরে ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছেন। চিকিৎসা দেওয়ার পর এখন ছেলে অনেকটা সুস্থ। ডায়রিয়ায় আক্রান্ত ১ বছর বয়সী শিশু তাসনিয়া ও তানজিল হাসান ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আতাউর রহমান বলেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ৮টি। দেড় শ শয্যার এ হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এর ফলে জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে শয্যার অভাবে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়।
আরএমও আরও বলেন, এখন আবহাওয়া বদল হচ্ছে। এ সময় দিনে গরম আর রাতে ও সকালে শীত। এ রকম আবহাওয়ায় লোকজন বিশেষ করে শিশুরা রোটা ভাইরাসে আক্রান্ত হয়। অর্থাৎ এ সময় তাদের জ্বর, পাতলা পায়খানা ও বমি হতে পারে। তা ছাড়া শিশুরা টাইফয়েড, শ্বাসকষ্ট ও জ্বরেও আক্রান্ত হয়। আবহাওয়া পরিবর্তনের সময় মায়েদের সচেতন থাকতে হবে। এর মধ্যে রয়েছে শিশুর যেন ঠান্ডা না লাগে, ঘাম যেন শরীরে বসে না যায়। এ সময় শিশুকে বেশি করে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসক। ডায়রিয়ায় আক্রান্ত হলে শিশুকে খাবার স্যালাইন খাওয়ানোর পাশাপাশি বাসি খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে। আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো এবং প্রয়োজনে আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন আরএমও আতাউর রহমান।