বিরূপ জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিরূপ জলবায়ু-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে কৃষিতে আরও গবেষণা বাড়ানো এবং শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল সোমবার কৃষিবিদ ইনস্টিটিউট পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণ আমাদের কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে আমাদের কৃষি শিক্ষা আরও আধুনিক করা এবং পরিবর্তিত জলবায়ু-সহিষ্ণু বিভিন্ন জাতের শস্য উদ্ভাবনের প্রয়োজন।’
কৃষিতে অসাধারণ অবদান রাখার জন্য প্রথমবারের মতো এ বছর পাঁচজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান কৃষিবিদ ইনস্টিটিউট পদক পেয়েছে। পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো অধ্যাপক এম মোফাজ্জল হোসেন, এম হারুন অর রশীদ, সেলিম রেজা, আলিমুল এহসান চৌধুরী, আলেয়া বেগম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইউনিট ও ইনফোটেইনমেন্ট।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বিষয়। চালের দাম কমলে আমরা সকলেই খুশি হব, তবে যারা কঠোর পরিশ্রম করে এই চাল উৎপাদন করছে, সেই কৃষকদের কথাও আমাদের মনে রাখতে হবে।’ পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই স্বীকৃতি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে তাঁদের আরও অনুপ্রাণিত করবে।