বিরোধ ও অপহরণের বিবরণ নজরুলের স্ত্রীর সাক্ষ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় একটি মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ করা হয়।
পরে র্যা বের সাবেক মেজর আরিফ হোসেনসহ মোট ৩২ আসামির পক্ষে আইনজীবীরা মামলার বাদীকে জেরা করেন। এ সময় নূর হোসেনের সঙ্গে নজরুলের বিরোধের প্রেক্ষাপট ও অপহরণের বিবরণ দেন সেলিনা ইসলাম। পরে কয়েকজন আসামির আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ১০ মার্চ বাদীকে অসমাপ্ত জেরা করার জন্য তারিখ ধার্য করেন। নূর হোসেন, র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, এম এম রানারসহ কারাগারে আটক থাকা ২৩ জন আসামি গতকাল আদালতে উপস্থিত ছিলেন।
গত সোমবার বিচারকার্য চলার সময় আদালত থেকে সাংবাদিকদের বের করে দেওয়ায় সমালোচনা হয়। ফলে গতকাল সাংবাদিকদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিরোধের প্রেক্ষাপট নিয়ে সেলিনা ইসলাম গতকাল আদালতে তাঁর সাক্ষ্যে বলেন, ‘আমার স্বামী নজরুল ইসলাম কাউন্সিলর থাকাকালে ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকার একটি রাস্তা এবং একটি ড্রেনের উন্নয়নকাজের স্বার্থে কিছুসংখ্যক বাড়িঘর এবং দোকানপাট এলাকাবাসী নিজ দায়িত্বে রাস্তা থেকে সরিয়ে নেয়। মানবিক কারণে স্থানীয় মোবারককে আমার স্বামী ১০ হাজার টাকা দেন রাস্তা থেকে তাঁর দোকান সরিয়ে নিতে। টাকা নেওয়া সত্ত্বেও মোবারক দোকান না সরিয়ে তাঁর খালাতো ভাই সন্ত্রাসী নূর হোসেনকে খবর দেন। নূর হোসেন তাঁর সহযোগী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিনসহ ৭০-৮০ জন সন্ত্রাসী নিয়ে মাইক্রোবাসে করে এসে আমার স্বামী নজরুল ইসলামকে খোঁজাখুঁজি করে এবং এলাকায় বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। পিস্তল, হকিস্টিক, রামদা নিয়ে এসে চৌধুরীপাড়া নামক স্থানে ত্রাসের সৃষ্টি করে। সন্ত্রাসীরা ২০ থেকে ২৫টি দোকান ভাঙচুর করে, ১০ থেকে ১২ জনকে পিটিয়ে জখম করে। বাড়িঘর ও দোকানপাটে লুটপাট চালায়। পরে নূর হোসেনের নির্দেশে মোবারক উল্টো বাদী হয়ে আমার স্বামীর নামে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আমার স্বামী ঢাকায় গিয়ে আশ্রয় নেন।’
সাক্ষ্য গ্রহণের সময় সেলিনা ইসলামের সঙ্গে সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী ও তাঁর আইনজীবী সাখাওয়াত হোসেন খান কথা বললে আপত্তি জানান নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। তখন সেলিনা খোকন সাহাকে উদ্দেশ করে বলেন, ‘সাত খুনের পর আপনি আমার বাসায় গিয়ে বলেছিলেন, আপনিও খুনিদের ফাঁসি চান। আপনি আমাকে আইনগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ আপনি খুনিদের পক্ষে দাঁড়িয়েছেন। ’
আদালতের বাইরে সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ইতিপূর্বে মামলাটিকে প্রভাবিত ও দীর্ঘায়িত করার অপকৌশল হিসেবে কয়েকজন আসামি সময়ের আবেদন করে সময়ক্ষেপণ করেছেন।
মামলার কয়েকজন আসামির পক্ষের আইনজীবী আশরাফুজ্জামান দাবি করেন, মামলার বাদী কোথায়, কখন, কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার বিশদ বিবরণ আদালতে দিতে পারেননি।
আবারও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে: আগের দিনের মতো গতকালও নূর হোসেনকে ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা হয়। তবে হাতকড়া ও হেলমেট ছিল। ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পর থেকে নূর হোসেনকে হাতকড়া, ডান্ডাবেড়ি, মাথায় হেলমেট পরিয়ে বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করানো হতো। কিন্তু গত বুধবার তিনটি অস্ত্র মামলায় ও এবং গতকাল সাত খুন মামলায় আসামি নূর হোসেনকে আদালতে হাজির করা হয় ডান্ডাবেড়ি ছাড়াই।
ডান্ডাবেড়ি না পরিয়ে হাজির করায় ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, নূর হোসেনের বিরুদ্ধে আধা ডজনের মতো মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছে। অথচ তাঁকে কোনো ডান্ডাবেড়ি পরানো হয়নি। নূর হোসেনকে প্রশাসন বিশেষ সুবিধা দিচ্ছে। এতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ক্ষুব্ধ ও ব্যথিত।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক। পরে তাঁদের এবং কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। ওই ঘটনায় করা দুই মামলায় ৮ ফেব্রুয়ারি নূর হোসেন, তারেক সাঈদসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগ গঠন করেন আদালত।