জাতীয় প্রেসক্লাবের সমঝোতা কমিটি ও মেয়াদোত্তীর্ণ কমিটির বিরোধ প্রকট হয়ে উঠেছে। দুই পক্ষই তাদের বৈধ বলে দাবি করছে। গতকাল শনিবার সরকার-সমর্থক ও জাতীয়তাবাদী ধারার একাংশের সমঝোতার মাধ্যমে গঠিত কমিটি দায়িত্ব নিয়ে প্রথম সভা করেছে। তবে মেয়াদ উত্তীর্ণ কমিটি দায়িত্ব বুঝিয়ে দেবে না বলে জানিয়েছে।
সমঝোতা কমিটি দায়িত্ব নিতে গিয়ে ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষের তালা ভেঙেছে। এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই কমিটির সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়।
সমঝোতা কমিটির দায়িত্ব গ্রহণ ও সভা: সমঝোতায় গঠিত কমিটি গতকাল প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেছে। কমিটির সভাপতি শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর আজ রোববার বেলা ১১টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ কমিটির বিবৃতি: মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ নতুন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গতকাল এক বিবৃতিতে বলেন, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি (তাঁদের কমিটি) নির্বাচিত আরেকটি কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। কোনো স্বঘোষিত অবৈধ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে না।
সাধারণ সম্পাদকের কক্ষ খোলা নিয়ে তর্কবিতর্ক: ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষের কাচঘেরা দরজার তালা ভাঙার চেষ্টা নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ক্লাবের অফিসকর্মীরা সাধারণ সম্পাদকের কক্ষের তালা ভাঙার উদ্যোগ নেন। পরে চাবিওয়ালা ডেকে এনে জানালার কাচ খুলে ভেতরের লক খোলা হয়।
হইচই শুনে সমঝোতা কমিটির সভাপতি শফিকুর রহমান দ্বিতীয় তলায় কমিটি কক্ষের বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন, ‘কে তালা খুলতে বলেছে? আমরা এই কক্ষ কাউকে খুলতে বলিনি।’ তিনি চাবিওয়ালাকে চলে যেতে বলেন। ঠিক ওই সময় সৈয়দ আবদাল তাঁদের বৈঠক থেকে বেরিয়ে সেখানে গিয়ে উচ্চ কণ্ঠে বলতে থাকেন, ‘আমার রুম কে খুলতে বলেছে? কে তালা ভাঙতে বলেছে?’
এ সময় পাশে সাংবাদিক লাউঞ্জে অবস্থান নেওয়া আওয়ামী লীগ-সমর্থক ফোরামের সদস্যরা স্লোগান দিলে উত্তেজনা হয়। ক্লাবের বিএনপি-সমর্থক সদস্যরা শফিকুর রহমানের কাছে গিয়ে বহিরাগতদের বের করে দেওয়ার দাবি জানান।
বিএনপি ফোরাম থেকে আটজন বহিষ্কার: ‘সমঝোতার’ কমিটি গঠনের প্রক্রিয়ায় যোগ দেওয়া আট সদস্যকে বহিষ্কার করেছে বিএফইউজে ও ডিইউজের জাতীয়তাবাদী অংশ। এঁরা হলেন আমানুল্লাহ কবীর, খন্দকার মনিরুল আলম, এলাহী নেওয়াজ খান সাজু, গোলাম মহিউদ্দিন খান, কামরুল ইসলাম চৌধুরী, ইলিয়াস খান, সরদার ফরিদ আহমদ ও আমিরুল ইসলাম কাগজী।
ফোরামের ঐক্য বিনষ্টের তৎপরতা চালানোয় তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। যে সভা থেকে তাঁদের বহিষ্কার করা হয়, তাতে সভাপতিত্ব করেন শওকত মাহমুদ। বক্তব্য দেন রুহুল আমিন গাজী, আবদুস শহীদ, এরশাদ মজুমদার, বদিউল আলম, মীর আহাম্মদ মিরু প্রমুখ।
বহিষ্কারের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এলাহী নেওয়াজ খান প্রথম আলোকে বলেন, ফোরামের কোনো গঠনতন্ত্র নেই যার ভিত্তিতে কাউকে বহিষ্কার করা যায়।