বিরোধ মেটাতে গিয়ে তোপের মুখে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর বিরোধ মেটাতে গিয়ে তোপের মুখে পড়েন সাংসদ মোতাহার হোসেন। দলের নেতা-কর্মীদের হট্টগোলের মধ্যে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। গত শুক্রবার সন্ধ্যায় দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় প্রার্থী হিসেবে দহগ্রাম ইউনিয়নের সভাপতি কামাল হোসেনের নাম প্রস্তাব করা হয়। পরে ইউনিয়ন কমিটি কামাল হোসেনের নাম উপজেলা কমিটিতে পাঠায়। উপজেলা ও জেলা কমিটি ইউনিয়ন কমিটির প্রস্তাবিত নাম কেন্দ্রে না পাঠিয়ে হাবিবুর রহমানের নাম পাঠায়। হাবিবুর দলীয় মনোনয়ন পান। এ নিয়ে দলে বিরোধ দেখা দেয়। বিষয়টি সুরাহার জন্য শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীনসহ স্থানীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। প্রথমে রুহুল আমীন উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর মোতাহার হোসেন বক্তব্য শুরু করেন। কামালের নাম কেন্দ্রে না পাঠানোর বিষয়ে তিনি কথা না বলায় কামালের সমর্থক দলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে মোতাহার দ্রুত তাঁর গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তাঁর গাড়িবহরের পেছনে নেতা-কর্মীরা ধাওয়া করেন। দহগ্রাম থেকে গাড়িবহর চলে যাওয়ার পরপর দলীয় দুই প্রার্থীরই সমর্থক নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন কামালের সমর্থক ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ও হাবিবুর রহমানের সমর্থক যুবলীগের কর্মী আবদুল কালাম, জয়নাল আবেদীন ও খোরশেদ আলম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কামাল বলেন, ‘হাবিবুরের সমর্থকেরা সাত-আটটি ভটভটি নিয়ে নৌকা মার্কার স্লোগান দিয়ে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ওই মিছিল থেকে আমার সমর্থকের ওপর হামলা চালানো হয়। আমার কয়েকজন নেতা-কর্মী আহত হন। দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কী হয়েছে, তা আমার জানা নেই। সেখানে আমি ছিলামও না।’ হাবিবুর বলেন, ‘বঙ্গেরবাড়ি দলীয় কার্যালয়ে আমি পরে গিয়েছিলাম। কামালের সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছেন।’
এ বিষয়ে সাংসদ মোতাহারের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি।