বিরোধপূর্ণ জায়গার দখল নিল রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মাইক্রোবাস ও ট্যাক্সিস্ট্যান্ড উচ্ছেদ করা হলে চালকেরা গাড়িগুলো নগর ভবনের সামনে এনে রাখেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মাইক্রোবাস ও ট্যাক্সিস্ট্যান্ড উচ্ছেদ করা হলে চালকেরা গাড়িগুলো নগর ভবনের সামনে এনে রাখেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকার সিটি করপোরেশনের সঙ্গে বিরোধপূর্ণ প্রায় ৪৮ কাঠা জমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাজউক ওই জমিতে উচ্ছেদ অভিযান চালায়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, জায়গাটির মালিকানা নিয়ে রাজউকের সঙ্গে সিটি করপোরেশনের উচ্চ আদালতে মামলা চলছে। মামলার নিষ্পত্তি হওয়ার আগেই রাজউক ট্যাক্সিস্ট্যান্ড উচ্ছেদ করেছে। আর রাজউক কর্তৃপক্ষের দাবি, মামলার ব্যাপারে তারা কিছু জানে না।
নগরের বালুর মাঠ এলাকায় অবস্থিত এই বড় রেন্ট-এ-কারের স্ট্যান্ডে প্রায় ৭০০ মাইক্রোবাস ও প্রাইভেট কার রাখা হয়। স্ট্যান্ডের শ্রমিকেরা বলেন, গত সোমবার প্রথমে রাজউকের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তি স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে এখানকার লোকজনকে জানিয়ে যান। মঙ্গলবার এ ব্যাপারে মাইকিং করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ এসে স্ট্যান্ডের গাড়িগুলো রাস্তায় বের করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের পরিচালক দুলাল কৃষ্ণ সাহা, রাজউক জোন ৮-এর পরিচালক সফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম প্রমুখ। এরপর ট্যাক্সি শ্রমিক কমিটির কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি শ্রমিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুকুল মিয়া অভিযোগ করেন, ‘ইজারা থাকার পরেও অন্যায়ভাবে আমাদের উচ্ছেদ করা হয়েছে।’
মেয়র বলেন, ১৯৬৫ সালে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক) নারায়ণগঞ্জ পৌরসভার প্রায় ২৪ একর জমি জনস্বার্থে ব্যবহার ও উন্নয়নের জন্য অধিগ্রহণ করে। ১৯৮২ সালে তৎকালীন সরকার ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম ডিআইটির অধিগ্রহণ করা অব্যবহৃত জায়গা ও মার্কেট সংশ্লিষ্ট পৌরসভাগুলোকে ফেরত দিতে বলে। ঢাকা ও চট্টগ্রাম পৌরসভাকে দেওয়া হলেও ডিআইটি নারায়ণগঞ্জ পৌরসভাকে জায়গা ফেরত দেয়নি। নারায়ণগঞ্জ পৌরসভা ২০০৮ সালে মার্কেট ও অধিগ্রহণ করা ভূমি প্লট আকারে বিক্রি না করার বিষয়ে রাজউককে বিবাদী করে হাইকোর্টে মামলা করে, যা বিচারাধীন আছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার আহম্মেদ চৌধুরী বলেন, মামলার বিষয়ে তাঁরা কিছু জানেন না। বালুর মাঠ এলাকায় পাঁচটি প্লটে রাজউকের ৪৮ কাঠা জমি অবৈধভাবে দখল করে দোকানপাট, ট্যাক্সিস্ট্যান্ড নির্মাণ করা হয়। রাজউক দরপত্রের মাধ্যমে এ জমি বিক্রি করে দিয়েছে। গতকাল উচ্ছেদ অভিযান চালিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে অবৈধ দখল থেকে জমিটি উদ্ধার করা হয়।