চট্টগ্রামের ও আর নিজাম সড়কে বিরোধপূর্ণ জায়গায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়র মিলে এই বিরোধপূর্ণ জায়গা বিশ্ববিদ্যালয়ের নামে দখল করছেন বলে অভিযোগ করেছেন জমির মালিক দাবিদার একটি পক্ষ।
এসব অভিযোগ এনে তারা গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জহর চক্রবর্তী। তিনি নিজেকে চুক্তিপত্র মূলে জমির মালিক দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারিশান সূত্রে জমির মালিক দাবিদার আবু বক্কর, ইব্রাহিম খলিল, মো. ইলিয়াস, গোলতাস বেগম ও গোলসান বেগম।
সংবাদ সম্মেলনে জহর চক্রবর্তী অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র হয়ে কী করে জনগণের সম্পদ এভাবে জঘন্যতম পন্থায় নিজের দখলে নেন?’
যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি মেয়রের দায়িত্ব গ্রহণের আগেই সিটি করপোরেশন আবু বক্কর গং থেকে জমিটি ক্রয় করেছিল। সিটি করপোরেশন বায়নামূলে জায়গাটির মালিক। এখানে দখল করার প্রশ্নই আসে না।’