বাংলাদেশ ও ভারতের জরিপ বিভাগের যৌথ প্রতিনিধিদল গতকাল বুধবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা-ডোমাবাড়ী সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের একটি সূত্র দাবি করেছে, এ সীমান্তের বিরোধপূর্ণ ১২০ একর জমি পেতে পারে বাংলাদেশ।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লাঠিটিলা–ডোমাবাড়ী সীমান্তের ১৩৯৭ নম্বর প্রধান খুঁটি থেকে ১৪০০ নম্বর প্রধান খুঁটির ১ নম্বর আর আই (ভারত অংশের খুঁটি) ও ২ নম্বর আর বি (বাংলাদেশ অংশের খুঁটি) খুঁটির মাঝে কোনো সীমান্ত খুঁটি নেই। এখানকার প্রায় ১২০ একর জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে জায়গাটি বাংলাদেশের দখলে।
গতকাল বেলা ১১টার দিকে যৌথ প্রতিনিধিদল লাঠিটিলা-ডোমাবাড়ী সীমান্তে পরিদর্শন কাজ শুরু করে। এর আগে গত ৬ ও ৭ জুলাই প্রতিনিধিদলের সদস্যরা আসামের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলের একজন সদস্য এই প্রতিবেদককে বলেন, লাঠিটিলা-ডোমাবাড়ীতে বিরোধপূর্ণ ১২০ একর জায়গা বাংলাদেশ পাবে। আর বড়লেখার পাল্লাতল সীমান্তে বাংলাদেশের অপদখলে থাকা ৩৪০ একর জায়গার মধ্যে বাংলাদেশ ৭০ একর ও বাকিটা ভারত পাবে।