বিরোধিতা করলেই মাথা ন্যাড়া করে দিচ্ছেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধিতা করলেই তিনি ধরে এনে মাথা ন্যাড়া করিয়ে দেন। জুতাপেটা করান। মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেন। প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থীকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন ভরপুর জনসভায়।
তিনি মহাজোট সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহের গৌরীপুরের সাংসদ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির।
সরেজমিনে খোঁজ নিয়ে অন্তত তিনজনকে ন্যাড়া করার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে৷ তবে স্থানীয় সেলুনকর্মীরা জানিয়েছেন, এবার সাংসদ হওয়ার পর তাঁদের দিয়ে পাঁচ-ছয়জনের মাথা ন্যাড়া করানো হয়েছে৷ ন্যাড়া করার প্রস্তুতি নেওয়ার সময় এক স্কুলশিক্ষক অজ্ঞান হয়ে পড়েছিলেন৷ এ কারণে তিনি সেদিনের মতো রক্ষা পান৷ আরেকজন শিক্ষক স্থানীয় লোকজনের হস্তক্ষেপে একই পরিস্থিতি থেকে রক্ষা পান৷ অপর এক শিক্ষক এই নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ আছে। আরও কয়েকজনকে মাথা ন্যাড়া করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সর্বশেষ তাঁর সমালোচনা করায় একজন কলেজশিক্ষককে দিগম্বর করার অভিযোগ আছে তাঁর সমর্থকদের বিরুদ্ধে।
দলীয় সূত্র ও স্থানীয় লোকজন জানান, ২৫ বছর আগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসংলগ্ন উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় নিজ বাড়ির পাশে ‘সেবালয়’ নামের চিকিৎসাকেন্দ্র গড়ে তোলেন মজিবুর রহমান৷ সেটি এখন তিনি ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করছেন৷ সেখানে ধরে নিয়ে এই ‘মধ্যযুগীয় নির্যাতন’ করা হয়৷
সেবালয়ের পাশেই রয়েছে কয়েকটি চুল কাটার দোকান (সেলুন)৷ এসব সেলুনকর্মীদের ডেকে নিয়ে বিরোধিতাকারীদের মাথা ন্যাড়া করা হয়৷ সম্প্রতি কথা হয় এখানকার দুজন সেলুনকর্মীর সঙ্গে৷ প্রসঙ্গটি তুলতেই হেসে ফেলেন তাঁরা৷ পরে নাম প্রকাশ না করার অনুরোধ করে জানান, এ পর্যন্ত তাঁদের দিয়ে পাঁচ-ছয়জনের মাথা ন্যাড়া করানো হয়েছে৷ এ জন্য তাঁদের ২০০ টাকা করে দেওয়া হয়েছে৷
স্থানীয় লোকজন জানান, সর্বশেষ গত ১৪ মে বিএনপির কর্মী মো. মোকসেদুলের মাথা ন্যাড়া করে কলতাপাড়া ও রায়গঞ্জ বাজার ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ তাঁকে ‘সেবালয়ে’ আগুন দেওয়ার ঘটনায় নির্বাচনের আগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়৷ ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে মোকসেদুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি৷ বিএনপির সমর্থক হওয়ায় আমাকে এই অপমান করা হয়েছে৷’
মোকসেদুলের চাচা ডৌহাখলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী বলেন, তাঁরা আতঙ্কে বাড়িতে থাকতে পারেন না৷ ডৌহাখলা বাজারে সাংসদের অনুসারী মো. সিদ্দিক ব্যাপারীর ব্যবসাপ্রতিষ্ঠানে সাজানো ডাকাতির মামলায় তিনি এবং বিএনপির সমর্থক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সাত্তার মণ্ডলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে৷
মামলার এজাহারে ১৪ মে রাত সাড়ে নয়টায় ওই ডাকাতির ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়৷ গত ১৭ মে ওই বাজারে গিয়ে অন্তত চারজন ব্যবসায়ীর কাছে ডাকাতির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, ওই রাতে বাজারে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি৷ তবে তাঁরা নাম প্রকাশ করতে রাজি নন।
৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে ভাংনামারী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ছোটনের মাথা ন্যাড়া করে দেওয়া হয়৷ তিনি মজিবুর রহমান ফকিরের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলমের পক্ষে কাজ করেছিলেন৷ কামরুজ্জামান প্রথম আলোর কাছে তাঁর মাথা ন্যাড়া করার সত্যতা নিশ্চিত করেন৷ তবে তিনি এও বলেন, সাংসদের বিরুদ্ধে যাওয়া তাঁর ঠিক হয়নি।
আর বছর দেড়েক আগে কলতাপাড়া বাজারের পাশের বাসিন্দা বিএনপির কর্মী সাইদুলের বিরুদ্ধে চুরি অভিযোগ এনে তাঁর মাথা ন্যাড়া করা হয়৷ সাংসদের এক অনুসারীর অটোরিকশা চুরির অভিযোগ আনা হয় সাইদুলের বিরুদ্ধে। সাইদুল মোটামুটি অবস্থাসম্পন্ন পরিবারের ছেলে।
গত ২২ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলার অনুষ্ঠানে সাংসদের ‘অপছন্দের’ ব্যক্তিদের অতিথি করায় ডৌহাখলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ‘ডৌহাখলা উন্নয়ন সংস্থা’র সদস্য বিল্লাল হোসেনকে সেবালয়ে নিয়ে পেটানো হয়৷ এরপর ন্যাড়া করার জন্য নাপিত ডাকা হয় এবং ন্যাড়া করতে মাথার চুলও ভেজানো হয়৷ ওই পর্যায়ে বিল্লাল হোসেন অচেতন হয়ে পড়লে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
বিল্লাল প্রথম আলোকে বলেন, ডৌহাখলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ১৫ এপ্রিল তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়৷ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সামীউল আলম৷ সামীউল গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ায় সাংসদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়৷ সামীউলকে অনুষ্ঠানে দাওয়াত করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন সাংসদ৷
নির্বাচনে মজিবুর রহমানের পক্ষে কাজ না করায় সিধলা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক মোয়াজ্জেম হোসেনকে মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁকে জুতাপেটা করা হয়৷ তাঁরও মাথা ন্যাড়া করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান৷
এ বিষয়ে জানতে মোয়াজ্জেম হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিব্রত বোধ করেন এবং ঘটনার মীমাংসা হয়ে গেছে বলে প্রথম আলোকে জানান৷
একই কারণে গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মালেককে ধরতে পারলে ‘সর্বোচ্চ শাস্তি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাংসদ৷ ওই শিক্ষক বর্তমানে আত্মগোপনে রয়েছেন। সাংসদের লোকজনকে এড়িয়ে চলাফেরা করেন বলে তিনি প্রথম আলোকে জানান।
সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতিদ্বিন্দ্বতা করেন নাজনীন আলম। সম্প্রতি উপজেলার ডৌহাখলা ইউনিয়নে এক জনসভায় নাজনীন আলমকে বিয়ে করার ঘোষণা দেন মজিবুর রহমান৷ এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়৷ এর আগে সংসদ নির্বাচনের পরপর উপজেলা পরিষদ থেকে মজিবুর রহমানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি নাজনীন আলম সম্পর্কে নানা অশালীন কথা বলেন৷ তখন অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা নীরবে সভাস্থল ছেড়ে চলে যান৷ প্রথম আলোর সঙ্গে আলাপকালে পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য কামাল মিয়াসহ কয়েকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
নাজনীন আলমের স্বামী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন, সাংসদ মজিবুর রহমান আরও ১১ জনকে মাথা ন্যাড়া করবেন বলে বিভিন্ন স্থানে ঘোষণা দিয়েছেন। ফেরদৌস আলম বলেন, ‘কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভের পর মজিবুর রহমান গৌরীপুর উপজেলাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছেন৷ তাঁর কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ৷ বালিজুড়ি কবুলেন্নেছা উচ্চবিদ্যালয়ের এক অনুষ্ঠানে সবার সামনে তিনি আমার শিক্ষিকা চাচাতো বোন খাদিজাতুল কোবরা বিউটিকে জিজ্ঞাসা করেন, “আমি যে তাকে (নাজনীন আলম) প্রস্তাব দিয়েছিলাম, সেটার কী হলো? তুমি তোমার ভাবিকে প্রস্তাবটি মনে করিয়ে দিয়ো৷”’
বিভিন্নজনের মাথা ন্যাড়া করার বিষয়ে জানতে চাইলে সাংসদ মজিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি৷’ অন্য অভিযোগের প্রসঙ্গ তুলতেই তিনি ফোন কেটে দেন৷