বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনার বিরোধিতায় মাঠে নেমেছে দেশটির ট্রেড ইউনিয়নগুলো। তারা বলছে, ওই পরিকল্পনা ১১তম মালয়েশিয়া পরিকল্পনার (১১এমপি) সঙ্গে সাংঘর্ষিক। খবর দ্য মালয়েশিয়া ইনসাইডারের।
১১তম মালয়েশিয়া পরিকল্পনায় মালয়েশিয়াকে স্বল্প দক্ষ বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীলতা কমানোর কথা বলা আছে।
মালয়েশিয়ার শ্রমিকদের সংগঠনগুলোর জোট মালয়েশিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এমটিইউসি) মহাসচিব এন গোপাল কিশনাম বলেছেন, ২০২০ সালের মধ্যে মালয়েশিয়া উন্নত দেশ হওয়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা অর্জনের ক্ষেত্রে বিদেশি শ্রমিকদের ওপর এই নির্ভরতার বিষয়টি সাহায্য করবে না। ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে স্থানীয় শ্রমিকদের কাজ ও অধিকতর ভালো বেতনের ব্যবস্থা করতে হবে।
মহাসচিব বলেন, ‘(বাংলাদেশ থেকে) ১৫ লাখ শ্রমিক নিয়ে আসার বিষয়ে সরকারের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই।...আমাদের এখানে এরই মধ্যে অনেক বেশি সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছে। এমন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’ তিনি আরও বলেন, স্থানীয় শ্রমিকদের চাকরি খুঁজে পাওয়ার নিশ্চয়তা থাকছে না। কারণ, নিয়োগকর্তারা সস্তায় কর্মী নিয়োগের সুযোগ পেয়ে যাচ্ছেন। সব সময়ই এটা ঘটছে। এটা অব্যাহত থাকলে মালয়েশিয়া ২০২০ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জন করতে পারবে না। এর আওতায় যেসব লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, তার একটি হলো কর্মীদের বেতন বৃদ্ধি।
এর আগে মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী (বর্তমানে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে) আহমেদ জাহিদ হামিদি জানিয়েছিলেন, চাহিদা পূরণে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নিয়ে আসা হবে। বিশেষ করে ‘নোংরা, বিপজ্জনক ও কঠিন’ কাজগুলোর জন্য এসব শ্রমিক লাগবে। কারণ, এসব কাজ করতে মালয়েশীয়রা আগ্রহী নয়।