জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অতীতে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল বৃহস্পতিবার সংসদের সমাপনী বক্তব্যে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘অতীতে বিরোধী দল হিসেবে আপনারা কি সঠিক দায়িত্ব পালন করেছেন।’
সংসদে এরশাদ বলেন, ‘মন্ত্রিসভায় আমাদের নিয়ে হাসাহাসি হয়। আমাদের নিয়ে হাসবেন না। এতে গণতন্ত্রের প্রতি অবিচার হবে। অতীতের খারাপ দৃষ্টান্ত গ্রহণ করবেন না।’
এরশাদ আরও বলেন, ‘১৯৯১-এর নির্বাচনের আগে আমাদের জেলে পাঠানো হয়েছিল। ঠিকমতো প্রচার-প্রচারণা চালাতে পারিনি। তবু আমরা ৩৫টি আসন পেয়েছিলাম। ১৭টি আসনে ৫০০ ভোটের ব্যবধানে হেরেছিলাম। বিষবৃক্ষ আপনারাই সৃষ্টি করেছিলেন। এটা আমার দোষ নয়, আপনাদের দোষ। আর পাঁচটি আসন বেশি পেলে বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারত না। আমরা আপনারা মিলে সরকার গঠন করতাম। এখন গণতন্ত্রের স্বার্থে অতীতকে কবর দিতে চাই।’
নির্বাচন কমিশনসহ সাংবিধানিক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও আহ্বান জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের এক্স-রে করেও নাকি কোনো মেরুদণ্ড খুঁজে পাওয়া যায়নি। এমন নির্বাচন কমিশন আমরা চাই না।’
বাজেট প্রসঙ্গে এরশাদ বলেন, বাজেট বাস্তবায়নে দরকার সহায়ক পরিবেশ। ভোটের আগে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য ও ধ্বংস চালিয়েছিল, তা অব্যাহত থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু পুরোপুরি হয়নি। নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুরে ঘটনা ঘটেছে। কিন্তু কোনো প্রতিকার নেই। জেল, ফাঁসি হলে এসব বন্ধ হয়ে যাবে।
গতকাল বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদে উপস্থিত ছিলেন না।