পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিরোধী দলকে দমনের জন্য নয়, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, মোনাজাত ও জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইজিপি শহীদুল হক। তিনি বলেন, ‘পুলিশের কাজ আন্দোলন দমন করা নয়, আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র নেওয়াও আমাদের কাজ নয়। আমাদের কাজ হবে জননিরাপত্তা নিশ্চিত করা। জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য যা যা দরকার তা করা হবে।’
নতুন আইজিপি বলেন, যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হবে, যেখানে সন্ত্রাস হবে, যেখানে পেট্রল দিয়ে মানুষ মারা হবে, যেখানে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে সেখানে কাজ করবে পুলিশ। এসব অপরাধ কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি অপরাধীদের ফৌজদারি আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।