বিরোধী দলের আচরণে সন্তুষ্ট প্রধানমন্ত্রী
বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির আচরণে সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে জাতীয় পার্টির নেতারা অনেক ভদ্র ভাষায় কথা বলেন। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এভাবেই জাতীয় পার্টির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একনেকে অংশ নেওয়া দায়িত্বশীল সূত্র থেকে এ কথা জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পটি উত্থাপন হলে প্রধানমন্ত্রী বলেন, সংসদে আমি একটি সভ্য পরিবেশ রেখে যেতে চাই। জাতীয় পার্টি যাই হোক না কেন, সভ্য ভাষায় তাঁরা কথা বলেন। আগের বিরোধী দল সংসদে অকথ্য ভাষায় গালিগালাজ করত। অনেকে অসহ্য হয়ে তখন টেলিভিশনের সুইচ অফ করে দিতেন। বর্তমান বিরোধী দল ভদ্র ভাষায় কথা বলেন। এ জন্য বেশি কথা বলার সুযোগ পান তাঁরা।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত গতকালের একনেক সভায় তিন হাজার ৪৫৫ কোটি টাকা পাঁচটি প্রকল্প পাস হয়। প্রকল্পসমূহ হলো তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্প, নেত্রকোনা-ধর্মপাশা-জামালপুর-সুনামগঞ্জ-সিলেট সড়ক (নেত্রকোনা অংশ) প্রকল্প, বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল স্থাপনসহ সমবায় ভবনের অসমাপ্ত অংশের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি (এনএটিপি) (প্রথম পর্যায়) প্রকল্প।