বিরোধী দলের লোকেদের পায়ে গুলি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের কর্মী ও সমর্থকদের পায়ে গুলি করছে বলে অভিযোগ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুলি করা হয় বলে আহত ব্যক্তিরা জানিয়েছেন। এরপর পুলিশ দাবি করে আত্মরক্ষার্থে এ গুলির ঘটনা ঘটছে অথবা বন্দুকযুদ্ধ কিংবা বিক্ষোভের সময় গুলি করা হয়েছে।

এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আটক থাকা ব্যক্তিদের দীর্ঘদিন ধরে মিথ্যা ‘ক্রসফায়ারে’ হত্যা করে আসছে। অথচ তারা বলে আসছে, কর্তৃপক্ষ আটকের পর আসামিদের অপরাধস্থলে নিয়ে গেলে সেখানে তাদের সহযোগীরা হামলা চালায়। এতে আটক থাকা আসামি মারা যান। তিনি বলেন, তারা (বাংলাদেশের নিরাপত্তা বাহিনী) বর্তমানে আইরিশ রিপাবলিক আর্মির মতো পদ্ধতি অনুসরণ করছে। আইরিশ রিপাবলিক আর্মি একসময় বিরোধী দলের কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারের পর পায়ে গুলি করত।

প্রতিবেদনে ২৫ জনের আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। তাঁদের অধিকাংশই বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সদস্য ও সমর্থক। আক্রান্ত ব্যক্তিরা বলেছেন, পুলিশ কোনো ধরনের উসকানি ছাড়াই তাঁদের পায়ে গুলি করেছিল। এঁদের মধ্যে বেশ কয়েকজন চিরতরে পঙ্গু হয়ে গেছেন। অনেকের পা কেটে ফেলতে হয়েছে গুলির পর। অনেকে অভিযোগ করেছেন, গুলির আগে তাঁদের বেধড়ক পেটানো হয়।

মানবাধিকার সংস্থাটি বলেছে, পায়ে গুলির এই প্রবণতা ২০১৩ সালে রাজপথে সহিসংতার সময় থেকে লক্ষ করা যাচ্ছে। তখন যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। তখন বিরোধী দলের সমর্থকেরা পেট্রলবোমা ব্যবহার করে। নিরাপত্তা বাহিনীও কঠোরভাবে প্রতিক্রিয়া জানায়। বিক্ষোভকারী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে গ্রেপ্তার, হামলা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তখন থেকে ব্যাপক হয়।

বিরোধী কর্মীরা বলছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ রাজপথে বিক্ষোভ বন্ধের প্রক্রিয়া হিসেবে পায়ে গুলি করার পদ্ধতি গ্রহণ করেছে।

ব্রাড অ্যাডামস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অথবা সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, তিনি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর অবস্থার আরও অবনতি হয়েছে। মনে হচ্ছে, রাষ্ট্র অনুমোদিত সন্ত্রাসের প্রতি তাঁর সরকার সীমাহীন সহনশীলতা দেখাচ্ছে।’

৪৫ পাতার ওই প্রতিবেদনে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানায় আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি।