বিরোধী মতের প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। পাশে বদিউল আলম মজুমদার ও হামিদা হোসেন l প্রথম আলো
সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। পাশে বদিউল আলম মজুমদার ও হামিদা হোসেন l প্রথম আলো

ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বিরোধী রাজনৈতিক দলের নেতারা যাতে প্রার্থী হতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক—সুজন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যদিও অরাজনৈতিক, এর পরও মামলা মাথায় নিয়ে পলাতক কিংবা কারাগারে থাকা ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ দিতে হবে। তাঁদের জামিন পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। বিরোধী মতের কেউ প্রার্থী হতে চাইলে বাধা দেওয়া যাবে না।
গতকাল শনিবার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুজনের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সহসভাপতি বিচারপতি কাজী এবাদুল হক, নির্বাহী সদস্য হামিদা হোসেন ও সহসম্পাদক জাকির হোসেন।
পলাতক বা কারাগারে বন্দী প্রার্থীদের বিষয়ে হাফিজউদ্দিন খান বলেন, যেসব সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি, তাঁদেরকে জামিন নেওয়ার সুযোগ দিতে হবে। একবার জামিন নিয়ে যদি কেউ তাঁর অপব্যবহার করে থাকেন কিংবা বিদেশে পালিয়ে যান, তাঁদের কথা ভিন্ন। অভিযুক্ত ছাড়া অন্যদের জামিনযোগ্য মামলায় জামিন নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
সুজনের এই আহ্বান কাদের কাছে—জানতে চাইলে হাফিজউদ্দিন খান ও বদিউল আলম মজুমদার বলেন, সংশ্লিষ্ট সবার কাছেই এই আহ্বান।
লিখিত বক্তব্যে প্রয়োজনে নির্বাচনের আগে সেনাবাহিনী নামানোর আহ্বান জানানো হয়। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সেনাবাহিনী নিয়োগ করার মতো পরিবেশ তৈরি হয়েছে কি না, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
মেয়াদ শেষ হওয়ার পরও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন না হওয়া এবং সারা দেশে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্তের সমালোচনা করেন সাবেক বিচারপতি এবাদুল হক। তিনি বলেন, সামরিক শাসনামলে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্তের ঘটনা ঘটত। গণতান্ত্রিক শাসনে এটা অনভিপ্রেত ও গণতন্ত্রের বরখেলাপ।
লিখিত বক্তব্যে বলা হয়, পেট্রলবোমা ও বিচারবহির্ভূত হত্যাসহ নানা সহিংসতা অব্যাহত রয়েছে। অনেক সম্ভাব্য প্রার্থী মামলার কারণে কারারুদ্ধ ও পলাতক। আরও কিছুদিন অপেক্ষা করলে অনেক সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতেন। ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারতেন।
এই অবস্থায় সুজন নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ার আশঙ্কা করছে কি না জানতে চাইলে হাফিজউদ্দিন, বদিউল আলম মজুমদার ও হামিদা হোসেন বলেন, এটা এখনই বলার সময় আসেনি। তবে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং এটি এখন অবনতিশীল নয় বলে মন্তব্য করেন তাঁরা।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং এরপর উপজেলা নির্বাচনে কারচুপি-ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবারও এমন কিছুর আশঙ্কা আছে কি না, জানতে চাইলে সুজনের এই তিন নেতা বলেন, আগে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বর্তমান কমিশন। সিটি নির্বাচনে ভালোভাবে কমিশন দায়িত্ব পালন করবে বলে আশা করছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি ভাঙার প্রবণতা কঠোরভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য দ্রুত যাচাই-বাছাই করে তা উন্মুক্ত করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় সুজন।