বিরোধীদলীয় নেতার পরিচয় পোক্ত করতে চান রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং ওআইসির মহাসচিব আয়াদ আমিন মাদানি ঢাকা সফরে এলেও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁদের কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি৷ দশম সংসদ পাঁচ মাস পার করে ফেললেও বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়মিত বৈঠকও
তেমন একটা হচ্ছে না। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন রওশন এরশাদ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, রওশন এরশাদ সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে চিঠি দিয়ে বলেছেন, বাংলাদেশ সফরে আসা সব বিদেশি ব্যক্তিত্ব ও প্রতিনিধি–দলকে বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা নিতে মন্ত্রী যেন তাঁর দপ্তরের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন৷
গত মাসের শেষ সপ্তাহে দেওয়া দুই অনুচ্ছেদের এই িচঠিতে রওশন এরশাদ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা আমাদের সরকার, সংসদ ও দেশের গণতান্ত্রিকচর্চার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সহায়ক হবে৷ পাশাপাশি এতে সংসদে বিএনপির অবস্থান সম্পর্কিত ভুল ধারণাও কেটে যাবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, বিরোধীদলীয় নেতার এই চিঠির পর এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ বিরোধীদলীয় নেতা হিসেবে এখন থেকে যাতে রওশন এরশাদের সঙ্গে বিদেশি অতিথিদের দেখা-সাক্ষাৎ হয়, সে জন্য বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, এইচ এম এরশাদের শাসনামলে ১৯৮৮ সালেও এমন ঘটনা ঘটেছিল৷ ওই সময় আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল। আর আ স ম আবদুর রব ১৯৮৮ সালের পর বিরোধী দলের নেতা নির্বাচিত হন। তখন আ স ম রবের সঙ্গে বিদেশি ব্যক্তিত্ব ও প্রতিনিধিদলকে দেখা করার জন্য এরশাদ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছিল।
বাংলাদেশের সাবেক একাধিক কূটনীতিক গতকাল সোমবার এ প্রতিবেদককেও বলেন, সাধারণত জাতীয় নির্বাচন শেষে সরকার ও বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার পরই বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা স্বতঃপ্রণোদিত হয়ে তাঁদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও বৈঠকের আয়োজন করে থাকে। বিভিন্ন দেশ ও সংস্থার কাছে এভাবে বিরোধীদলীয় নেতার অবস্থান স্পষ্ট করার নজির খুব একটা নেই।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, ফুমিও কিশিদা ও আয়াদ আমিন মাদানি বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা না করলেও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান ও চীনের দুটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
একজন কূটনীতিকের মতে, বিএনপির নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন রয়েছে। একইভাবে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে বিবেচনার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে অনেকের মধ্যে৷ কারণ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদমন্ত্রী, মসিউর রহমান স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এবং মুজিবুল হক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে সরকারের সঙ্গে রয়েছেন।