স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মাধ্যমে দেশে গত বছর বিএনপি-জামায়াত নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছিল। এভাবে নৈরাজ্য সৃষ্টি করে জনমত আদায় করা যায় না। তারা যতই হুংকার দিক, তাতে কোনো কাজ হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) উদ্বোধনকালে এবং এর আগে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এক পথসভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডিজিটাল পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে ই-পাসপোর্ট চালু করা হবে। ২০১৫ সালের পর হাতে লেখা পাসপোর্ট চলবে না। ই-পাসপোর্ট চালু হলে পাসপোর্ট নিয়ে বিদেশগামী যাত্রীদের আর সমস্যা হবে না।
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ এ কে এম শাহজাহান কামাল, পাসপোর্ট কার্যালয়ের মহাপরিচালক মো. আবদুল মাবুদ, জেলা প্রশাসক টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন। পরে বিকেল সাড়ে পাঁচটায় এই কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দলীয় নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমআরপি পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।