বিরোধ এড়াতে ভূমি রেকর্ড আধুনিকায়ন করতেহবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবকাঠামো নির্মাণে ভূমি অধিগ্রহণ: অংশগ্রহণমূলক মনোভাব’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, ভূমিসংক্রান্ত বিরোধ এড়াতে গেলে ভূমি রেকর্ড পদ্ধতির আধুনিকায়ন করতে হবে। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির মালিকদের অংশীদারি ও ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

কমপ্যাক্ট টাউনশিপ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলনকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ডকে আধুনিকায়ন করা প্রয়োজন, তবে তা যথেষ্ট নয়। ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, যেখানে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও আদালত সমন্বিতভাবে কাজ করতে পারেন।

অধিগ্রহণকৃত ভূমির মালিকদের ক্ষতিপূরণের বিষয়ে আকবর আলি খান বলেন, ক্ষতিপূরণ-সংক্রান্ত জটিলতা এড়াতে দুই স্তরের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেতে পারে। প্রথম স্তরে মালিককে অধিগ্রহণ করা ভূমির মূল্য পরিশোধ করা, দ্বিতীয় স্তরে অধিগ্রহণকৃত ভূমিতে নির্মিত অবকাঠামো থেকে প্রাপ্ত মুনাফার একটি নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ দেওয়া।

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ডকে আধুনিকায়নের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মূয়ীদ চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন মৌজা মানচিত্র, সিএস ও আরএস রেকর্ডসহ অন্যান্য নথি ডিজিটাইজ করে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে রাখলে এগুলো বিকৃত করার সুযোগ থাকবে না।

আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারপারসন ও যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক সেলিম রশিদ বাংলাদেশে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির মালিকদের অংশীদারি ও ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। সাবেক উপসচিব করিম গাজী বাংলাদেশে ভূমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের বিষয়বস্তুর ওপর প্যানেল আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম আন্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব জামিল প্রমূখ। প্যানেল আলোচনার পর মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।