বিরোধ নিরসন না করেই ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরোধ নিরসন না করেই ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের দায়িত্বে থাকা ডিন আবুল হোসেন গতকাল দফায় দফায় শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও বিরোধ মেটাতে পারেননি। ফলে গতকাল তৃতীয় দিনের মতো শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জন এবং দ্বিতীয় দিনের মতো কর্মকর্তাদের কর্মবিরতি চলে।
এদিকে, বুধবার সন্ধ্যায় শিক্ষক সমিতির নেতা এবং জ্যেষ্ঠ চার কর্মকর্তার সঙ্গে উপাচার্যের বৈঠকে সমার্তন অনুষ্ঠানস্থলে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় জড়িত কয়েকজন কর্মকর্তাকে সতর্কতামূলক চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। রাত আটটার দিকে উপাচার্য রেজিস্ট্রারকে এ বিষয়ে চিঠি তৈরি করতে বলেন। এরপর রেজিস্ট্রার তাঁর কার্যালয়ে গিয়ে চিঠি তৈরি করার আগেই কর্মকর্তারা তাঁকে কক্ষের ভেতর অবরুদ্ধ করে রাখেন। এ সময় রেজিস্ট্রারের সঙ্গে হিসাব পরিচালক আবদুল জলিল, ভারপ্রাপ্ত ডিপিডি জামাল হোসেন ও গ্রন্থাগারিক জাহাঙ্গীর হোসেনও ওই কক্ষে আটকা পড়েন। এ পরিস্থিতি দেখে উপাচার্যও বাসভবনে চলে যান। এরপর রাত ১১টার দিকে রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা অবরুদ্ধ অবস্থা থেকে ছাড়া পান।
ডিন মো. আবুল হোসেন বলেন, সমাবর্তন অনুষ্ঠানস্থলে বসা নিয়ে শিক্ষক এবং কর্মকর্তাদের মধ্যে যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা নিরসনের চেষ্টা চলছে। তিনি গতকাল বিকেলে প্রথমে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন এবং সন্ধ্যায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। উপাচার্য যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, তা বাস্তবায়নের চেষ্টা চলছে।
কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘সংকটের সমাধান আমরাও চাই। কিন্তু এ ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতামূলক চিঠি দেওয়ার কোনো সিদ্ধান্ত মানা হবে না। আগামী রোববার থেকে আমাদের কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে।’
শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের সঙ্গে বুধবার সন্ধ্যার বৈঠকে কয়েকজন কর্মকর্তাকে সতর্কতামূলক চিঠি দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা আমরা মেনে নিয়েছি। কিন্তু সিদ্ধান্ত কার্যকর না হলে শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে।’
একাধিক শিক্ষক ও কর্মকর্তা অভিযোগ করেছেন, উপাচার্য ইচ্ছা করেই সংকটটি দীর্ঘস্থায়ী করেছেন। সব পক্ষকে খুশি রাখতে গিয়ে দফায় দফায় বৈঠক করে সময়ক্ষেপণ করেছেন, যাতে তাঁর মেয়াদের শেষ কার্যদিবসেও সংকটের সমাধান না হয়। তাঁদের মতে, উপাচার্য এখন মেয়াদ নবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন।
এ বিষয়ে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী বলেন, ‘কে কী বলল না বলল সেটি তার বিষয়। চার বছর মেয়াদের শেষ কর্মদিবস ছিল গতকাল। তাই তিনি ডিনকে দায়িত্ব হস্তান্তর করে জরুরি কাজে সকালে ঢাকায় চলে এসেছেন। এ ছাড়া কোনো উপায় ছিল না। তার আগে কয়েকজন কর্মকর্তাকে সতর্ক করার সিদ্ধান্ত দিয়েছেন। ডিন এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’