বিরোধ নিষ্পত্তির বিকল্প সুযোগ রেখে সংসদে বিল পাস
বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোড অব সিভিল প্রসিডিউর (সংশোধন) বিল, ২০১২ এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়াতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল, ২০১২ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিল দুটি উত্থাপন করেন যথাক্রমে আইনমন্ত্রী শফিক আহমেদ ও ভূমিমন্ত্রী রেজাউল করিম।এ ছাড়া পাওয়ার অব অ্যাটর্নি বিল ২০১২, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল ২০১২, দি মেম্বারস অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (সংশোধন) বিল, ২০১২ সংসদে পাস হয়েছে।কোড অব সিভিল প্রসিডিউর বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের বিলে দেওয়ানি মামলার ক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা বাধ্যতামূলক করা হয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিলে বলা হয়েছে, অর্পিত সম্পত্তির তালিকা-সম্পর্কিত গেজেট প্রকাশের পরবর্তী ৩০০ দিনের মধ্যে জমির মালিকেরা তাঁদের দাবির সমর্থনে আবেদন করতে পারবেন। এর আগের আইনে ১২০ দিনের মধ্যে আবেদনের সুযোগ ছিল।কোড অব ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধি সংশোধনের বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। এতে জেলা পর্যায়ের আদালতকে প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়ে স্থানান্তরের বিধান করা হয়েছে।